প্রিপারেটরির উপাধ্যক্ষকে অব্যাহতি

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও কলেজ কর্তৃপক্ষ তাদের ইংরেজি শাখার উপাধ্যক্ষ জিন্নাতুন নেছাকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। প্রথম শ্রেণির একজন শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ বিষয়ে তিনি আপত্তিকর মন্তব্য করেছেন—অভিভাবকদের এমন দাবির মুখে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া অভিভাবকদের বিক্ষোভের মুখে বিদ্যালয়ের ভেতরের ক্লিনিং বিভাগ ও ক্যানটিন থেকে সব পুরুষ কর্মচারীদের সরিয়ে নেওয়া হয়েছে।
আজ শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের পর এ ঘোষণা দেন স্কুলটির ট্রাস্টি বোর্ডের সদস্য, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম।
৫ মে এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর অভিভাবকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। জানা গেছে, ৫ তারিখে ওই ঘটনা ঘটলেও ওই শিক্ষার্থীর অভিভাবক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন ৯ মে। কিন্তু প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকেরা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবকেরা।
আজ সকাল থেকেই স্কুলের সামনে বিক্ষুব্ধ অভিভাবকেরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। একপর্যায়ে অধ্যক্ষ বেলায়েত হোসেন স্কুল ভবনের তিন তলায় নিজের কার্যালয়ে যাওয়ার পথে কয়েকজন অভিভাবক তাঁকে লাঞ্ছিত করেন। তিনি ভাইস প্রিন্সিপালের কক্ষে আশ্রয় নিলে সেই কক্ষের জানালা-দরজার কাচ ভাঙচুর করেন অভিভাবকেরা।
পরে অধ্যাপক ম তামিম প্রথম আলোকে বলেন, ঘটনাটি স্কুলের ব্যবস্থাপনা কমিটির নজরে আসার পরপরই ঘটনার শিকার শিক্ষার্থীর বাবাসহ তিনজনের একটি কমিটি গঠন করা হয়। কমিটি কাজ করছে। কমিটির সুপারিশ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশা করেন সোমবারের মধ্যে কমিটির প্রতিবেদন পাওয়া যাবে। তিনি বলেন, প্রতিবেদন অপূর্ণ থাকলে সেটিও খতিয়ে দেখা হবে।
ম তামিম বলেন, গোপাল নামের যে পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া কর্তব্যে অবহেলার অভিযোগে আরেক কর্মচারী শরিফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের ক্যানটিনেও পুরুষ কর্মচারীর পরিবর্তে নারী কর্মী রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার পর পরই স্কুলে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কথা জানিয়ে বিশিষ্ট এ শিক্ষাবিদ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।