প্রিপারেটরির পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত

রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আজ সোমবার দুপুরে পরিচ্ছন্নতাকর্মী গোপালকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অশোভন আচরণের অভিযোগে ইংরেজি মাধ্যমের বালিকা শাখার উপাধ্যক্ষ জিন্নাতুন নেসাকে বর্তমান পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে একই সঙ্গে কর্তৃপক্ষ কয়েকজন অভিভাবক ও বহিরাগত প্রথম থেকেই মারমুখী মনোভাব দেখিয়েছেন বলে উল্লেখ করে এ ধরনের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
আজ ট্রাস্টি বোর্ডের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। পরে শিক্ষাপ্রতিষ্ঠানটির ফটকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, যৌন হয়রানির অভিযোগ পাওয়ার পর কোনো রকম গড়িমসি বা দ্বিধা না করেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মূল ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি সন্দেহভাজন অপরাধী হিসেবে ‘ওয়াই গোপাল’-নামক একজন পরিচ্ছন্নতাকর্মীকে শনাক্ত করেছে।

৫ মে এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠার পর অভিভাবকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। জানা গেছে, ৫ তারিখে ওই ঘটনা ঘটলেও ওই শিক্ষার্থীর অভিভাবক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন ৯ মে। কিন্তু প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকেরা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবকেরা। গত কয়দিন থেকেই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ আজ বিভিন্ন সিদ্ধান্তের কথা জানায়।
স্কুলের নিরাপত্তা জোরদার করার জন্য বিজ্ঞপ্তিতে বালিকা শাখায় ১২টি সিসি ক্যামেরা বসানো, প্রতিষ্ঠানের বালিকা শাখা থেকে সব পুরুষ কর্মচারীকে স্থানান্তর করা, ছাত্রীদের প্রতিটি টয়লেটের সামনে একজন করে আয়া নিয়োগ এবং নারী নিরাপত্তা প্রহরী নিয়োগসহ অন্যান্য ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া নিয়মিত ‘অভিভাবক-শিক্ষক’ মতবিনিময় সভার আয়োজন করবে কর্তৃপক্ষ। প্রতি তিন মাসে শাখাভিত্তিক মতবিনিময় সভার একটি প্রতিবেদন প্রতিটি শাখাপ্রধান ও স্কুল ব্যবস্থাপনা কমিটির কাছে দাখিল করা হবে।
কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির ভাষা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘...কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে কয়েকজন অভিভাবক ও বহিরাগত প্রথম থেকেই মারমুখী মনোভাব দেখিয়েছে। পরবর্তীতে প্রতিষ্ঠানের শিশুদের সামনেই সম্মানিত অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়। স্কুলের ভেতরে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিশেষে অত্যন্ত ন্যক্কারজনকভাবে কতিপয় তথাকথিত বহিরাগত/অভিভাবক স্কুলের কয়েকজন ছোট ছাত্রীর শরীরেও হাত তোলে। ছাত্রীদের নিরাপত্তা রক্ষার নামে এসে সেই ছাত্রীদেরই যারা লাঞ্ছনা করে তাদের মূল উদ্দেশ্য পরিষ্কার। স্কুল কর্তৃপক্ষ এইরকম আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘ইংরেজি মাধ্যম বালিকা শাখার উপাধ্যক্ষ জিন্নাতুন নেসা দীর্ঘ ৩৬ বছর ধরে এই প্রতিষ্ঠানে নিষ্ঠা ও সম্মানের সঙ্গে কাজ করে আসছেন। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ এসেছে, যা অত্যন্ত দুঃখজনক। তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তাঁকে বর্তমান পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’