প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় খুলছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র খুনের ঘটনার পাঁচ দিন পর কাল সোমবার খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রাম নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের মধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদ বন্ধ থাকবে। আজ রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য জানায়। 

গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিবিএ (ব্যবসায় প্রশাসন) এর ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠানের বিরোধের জের ধরে ওয়াসা ক্যাম্পাসে নাসিম আহমেদ ওরফে সোহেলকে (২৪‍) হত্যা করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ও নগর ছাত্রলীগের সদস্য ছিলেন। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের প্রবর্তকের মূল ক্যাম্পাস ও ওয়াসা ক্যাম্পাসে ভাঙচুর চালায়। এসবের পরিপ্রেক্ষিতে ওই দিনই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। তবে ব্যবসায় প্রশাসন অনুষদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। কারণ এই অনুষদে সংঘটিত হত্যা এবং ভাঙচুরের ঘটনায় পুলিশের তদন্ত চলছে। তবে অতি শিগগির ব্যবসায় প্রশাসন অনুষদে শিক্ষা কার্যক্রম চালু করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘খোলার প্রথম দিন বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকেরা বৈঠক করে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করবেন।’