‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সঠিক ও সুন্দর মানুষগুলোর এক সম্মিলিত পরিবার। তাই সোহেলের মৃত্যু কেবল একটি মৃত্যুই নয়, তাঁর মৃত্যুতে আমিও সন্তানহারা হয়েছি। সোহেলের মৃত্যুকে কেন্দ্র করে কিছু কুচক্রী মহল বিশ্ববিদ্যালয়ের সুনাম ধ্বংস করতে চেয়েছিল। নগরবাসীকে জিম্মি করে চেয়েছিল পুরো নগরকে অচল করে দিতে। কিন্তু সচেতন ও ন্যায়পন্থী চট্টলাবাসী সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে।’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেন।
মহিউদ্দিন চৌধুরী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা চেয়ারম্যান।
বিবৃতিতে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘যেকোনো ন্যায়মুখী সংগ্রামে আমি চট্টলাবাসীর সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করার জন্য এখনো রাজপথে আছি। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে চলেছি। কিছু কুচক্রী মাফিয়া আমাদের পরাস্ত করতে পারবে না। হত্যাকাণ্ডের তদন্ত এবং বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ নিরূপণের স্বার্থে প্রশাসনের পরামর্শে ব্যবসায় প্রশাসন অনুষদ আরও কয়েক দিন পর খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিছুসংখ্যক বহিরাগত অবুঝ ছেলের অভদ্রতার প্রতিবাদে চট্টলাবাসী ও আমাদের সন্তানেরা যে ভদ্রোচিত জবাব দিয়েছে, তা-ও জাতির জন্য শিক্ষণীয়। আসলে অসুন্দর কখনো সুন্দর পরাস্ত করতে পারে না। অসভ্যতা কখনো সভ্যতা হারাতে পারে না।’
বিবৃতিতে মহিউদ্দিন চৌধুরী বলেন, বিশ্বখ্যাত সমাজবিজ্ঞানী ও দার্শনিক ড. অনুপম সেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি একজন জ্ঞানতাপস। জ্ঞানচর্চা ও পাঠদান তাঁর রক্তের শিরা-উপশিরায় মিশে আছে প্রজন্ম পরম্পরায়। এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পূর্বপুরুষদের দ্বারা সমৃদ্ধ ও উপকৃত হয়েছিলেন।
বিবৃতিতে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আমাদের শহরে পবিত্র জ্ঞানকেন্দ্রের আলোকিত শোভাযাত্রা, যেখানে ভদ্রতা-সভ্যতার শিক্ষা দেওয়া হয়। এই প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষার জন্য আমি সর্বাত্মক ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। একই সঙ্গে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে পিছপা হব না।’