চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা এ বি এম মহিউদ্দিন চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, ‘গুটিকয়েক জনবিচ্ছিন্ন মানুষ নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এই বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গনে রাজনীতি প্রবেশ করানোর ব্যর্থ প্রয়াস চালাচ্ছেন। তাঁরা কখনোই সফল হবেন না। এখানে রাজনীতি প্রবেশ করিয়ে নিজের অবস্থান শক্ত করা অন্যদের কাছে লোভনীয় লক্ষ্যবস্তু হলেও আমার জন্য অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক।’
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে এ বিবৃতি পাঠান মহিউদ্দিন চৌধুরী। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে খুন হন এমবিএর শিক্ষার্থী নাসিম আহমেদ ওরফে সোহেল।
বিশ্ববিদ্যালয়ের পরিচালনা নিয়ে গত বছরের জুলাই মাস থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বিবৃতিতে বলেন, ‘সোহেলের মৃত্যুতে কেবল তার পিতা-মাতার বুক খালি হয়নি। আমার বুকটাও খালি হয়েছে। আজ আমি ঘোষণা করছি, সোহেলের পরিবার আমার পরিবার। তার পরিবারের দায়িত্ব আজ থেকে আমি গ্রহণ করলাম।’