চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত পাঁচজন আহত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে নগরের দামপাড়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের সামনে এ ঘটনা ঘটে।শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, পদত্যাগ করা শিক্ষক মিলন কান্তি ভট্টাচার্যকে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও আন্দোলনের বিপক্ষের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন, বিবিএ (মার্কেটিং) চতুর্থ বর্ষের ছাত্র সত্যজিৎ দাস ও বিবিএ (অ্যাকাউন্টিং) চতুর্থ বর্ষের ছাত্র জিয়াউদ্দিন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে দুপুরে অনুষদের সামনে সংঘর্ষ শুরু হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কিছু শিক্ষার্থী মিছিল করে নগরের প্রবর্তক মোড়ে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ শুরু করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। জানা গেছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর গত ফেব্রুয়ারিতে বিবিএ অনুষদের প্রধান মিলন কান্তি ভট্টাচার্য পদত্যাগ করেন।