প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব নিয়ে মেয়র-উপাচার্য দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিকানাধীন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব নিয়ে মেয়র ও উপাচার্যের মধ্যে দ্বন্দ্ব চলছে। পাঁচ মাস ধরে করপোরেশনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যোগাযোগ নেই বললেই চলে। মেয়র প্রতিষ্ঠানটি করপোরেশনের নির্দেশনা অনুযায়ী চালাতে চান। আবার উপাচার্য চান নিজের মতো করে চালাতে। তিনি বলেন, উপাচার্যই বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে নির্বাহী ক্ষমতার মালিক। জানা গেছে, মোহাম্মদ মন্জুর আলম গত বছরের আগস্টে নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নেন। এতে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে রাখা না-রাখা নিয়ে করপোরেশনের সঙ্গে উপাচার্যের মতপার্থক্য দেখা দেয়।উপাচার্য অনুপম সেন বলেন, ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে আপত্তি নেই। তবে কমিটির একজন হিসেবে অবশ্যই মহিউদ্দিন চৌধুরী থাকবেন। তিনি এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অনেক কিছু করেছেন। কিন্তু করপোরেশন তাতে রাজি নয়। করপোরেশনের শিক্ষাবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি রেহেনা বেগম বলেন, নিয়মের বাইরে কাউকে সদস্য রাখার সুযোগ নেই।মেয়র মন্জুর বলেন, ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় করপোরেশন এককভাবে ৩০ কোটি টাকা বিনিয়োগ করেছে। কাজেই বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে অবশ্যই করপোরেশনের দিকনির্দেশনা থাকবে। বিশ্ববিদ্যালয় পরিচালনায় আমরা শিগগিরই ট্রাস্টি বোর্ড গঠন করব।’জানা গেছে, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১২ হাজার শিক্ষার্থী রয়েছেন। ব্যবসায় প্রশাসন, আইন, ইংরেজি, কম্পিউটার বিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে এখানে সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণীতে উচ্চশিক্ষা দেওয়া হয়। প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়ের চারতলা দুটি একাডেমিক ভবন ছাড়াও দামপাড়ায় একটি আটতলা ভবন রয়েছে।বেসরকারি বিশ্ববিদ্যালয়সংক্রান্ত সর্বশেষ সরকারি প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নয়টি কমিটি গঠনের কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে: বোর্ড অব ট্রাস্টিজ, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অনুষদ, ইনস্টিটিউট, পাঠ্যক্রম কমিটি, অর্থ কমিটি, শিক্ষক নিয়োগ কমিটি ও শৃঙ্খলা কমিটি। বর্তমানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে এসব কমিটির কোনোটিই সচল নয়। উপাচার্যের অনিচ্ছার কারণে এসব কমিটি গঠন করা যাচ্ছে না বলে করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সরওয়ার ই আলম অভিযোগ করেন। করপোরেশনের কর্মকর্তারা অভিযোগ করেন, মেয়রের সঙ্গে পরামর্শ না করেই দুই মাস আগে উপাচার্য আবদুল ওয়াহাবকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নিয়োগ দেন। ওয়াহাব সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী এবং মহিউদ্দিন চৌধুরীর শ্যালক। অবশ্য উপাচার্য দাবি করেন, শূন্য পদে লোক নিয়োগের কাজ উপাচার্যের। সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নিয়ে উপাচার্যই বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন। এ ক্ষেত্রে তিনি নির্বাহী ক্ষমতার অধিকারী। তিনি বলেন, উপাচার্য নিয়োগের সুপারিশ, প্রতিষ্ঠান চালানোর জন্য অর্থ দেওয়া এবং সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে তিনজন করে প্রতিনিধি দেবে ট্রাস্টি বোর্ড। এর বাইরে বোর্ডের কোনো কর্তৃত্ব নেই।