চট্টগ্রাম সিটি মেয়র বললেন
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণে ব্যক্তিস্বার্থ নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেছেন, নগরের ও আর নিজাম সড়কে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণে কোনো ব্যক্তিস্বার্থ নেই।
বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
নগরের ও আর নিজাম সড়কের ওই জায়গা নিজেদের দাবি করে ২২ মে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে একটি পক্ষ। চুক্তিপত্রমূলে জমির দাবিদার জহর চক্রবর্তী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, করপোরেশনের বর্তমান ও সাবেক মেয়র বিরোধপূর্ণ ওই জায়গা বিশ্ববিদ্যালয়ের নামে দখল করছেন।
গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে করপোরেশনের মেয়র ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি মন্জুর আলম বলেন, ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় খরিদসূত্রে এই জায়গার মালিকানা নিয়েছে। সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে এই জায়গায় ক্যাম্পাস নির্মাণ করা হবে। প্রাথমিকভাবে সেমিপাকা এক তলা ভবন নির্মাণে ব্যয় হবে ৮৫ লাখ টাকা।’ তিনি এ জন্য সবার সহযোগিতা কামনা করেন।
সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি মেয়র থাকার সময় ৩৫ লাখ টাকা দিয়ে এই জায়গা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নামে বায়না করেছি।’ তিনি বলেন, উন্নয়নমূলক কাজে হাত দিলে কিছু লোক সব সময় বিরোধিতার খাতিরে বিরোধিতা করেন।
মহিউদ্দিন চৌধুরী বলেন, ইংরেজি সাহিত্য বিভাগ দিয়ে নতুন ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম চালু হবে। পর্যায়ক্রমে বাংলাসহ অন্যান্য বিভাগ খোলা হবে।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেন, ক্যাম্পাসের এই জায়গা নিয়ে যা প্রচারিত হচ্ছে, তা সত্য নয়। বৈধভাবে এবং আইনি কাঠামোর মধ্য দিয়ে এই জায়গা বায়নানামা করা হয়েছে। অবৈধভাবে থাকা বাসিন্দারা স্বেচ্ছায় চলে গেছেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন করপোরেশনের কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু তাহের৷