প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিচ থেকে সিএনজি স্টেশন সরানোর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা মেনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিচতলা থেকে সিএনজি কনভারশন স্টেশন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গতকাল বৃহস্পতিবার সিটি করপোরেশনের দ্বিতীয় সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৫ আগস্ট পরিবেশ অধিদপ্তর সিএনজি স্টেশনটি বর্তমান স্থান থেকে সরানোর জন্য করপোরেশনকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছিল।সিটি করপোরেশন সূত্র জানায়, প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে ২০০৪ সালে দামপাড়ায় সিটি করপোরেশন এ সিএনজি ফিলিং স্টেশনটি গড়ে তোলে। গতকাল সাধারণ সভায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের বাইরে খোলা জায়গায় সিএনজি স্টেশনটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল থেকে একটানা বিকেল পর্যন্ত সাধারণ সভা চলে। সভায় ৪১টি স্ট্যান্ডিং কমিটির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। এ ছাড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব নেওয়ার ব্যাপারেও করপোরেশনের সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে। সভায় চট্টগ্রাম শহরের ময়লা-আবর্জনা পরিষ্কার এবং জলাবদ্ধতা নিরসনে ৪০ কোটি টাকার প্রকল্পের কথা জানানো হয়। এ প্রকল্পের আওতায় ২০টি ডাম্প ট্রাক, দুটি ট্রেইলর ও ট্রেইলরসহ ২০টি ট্রাক্টর কেনার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এ ছাড়া সকাল ও বিকেলে দুটি বাস শহরে চলাচল করবে। এ বাস দুটি বিনা খরচে যাত্রী আনা-নেওয়া করবে। যাত্রীদের দুর্ভোগ কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিটি করপোরেশনের নিরীক্ষা ও হিসাব স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান প্রথম আলোকে জানান। সভার একপর্যায়ে ঈদের সময় নগরকে পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিটি ওয়ার্ডে ২০ জন করে শ্রমিক নিয়োগের প্রস্তাব করেন পরিচ্ছন্নতা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এম এ মালেক। তখন মহিলা কাউন্সিলররাও তাঁদেরও শ্রমিক বরাদ্দের দাবি জানান। কিন্তু এম এ মালেক এর বিরোধিতা করে বলেন, অতীতেও এভাবে চলে এসেছে। এ ব্যাপারে মহিলা কাউন্সিলর রেহেনা বেগম প্রথম আলোকে বলেন, মহিলা ও পুরুষ কাউন্সিলরদের দ্বন্দ্বে শহরের পরিচ্ছন্নতা কাজই ব্যাহত হতে পারে।