প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী গতকাল শনিবার বিতর্কিত জমিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা আলাউদ্দিন আহমেদের এ ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চট্টগ্রাম আসার কথা ছিল। তবে তিনি আসবেন না জানার পর রাতারাতি শিক্ষা উপদেষ্টার ফলক সরিয়ে উদ্বোধক হিসেবে মেয়রের নাম লেখা আরেকটি ফলক স্থাপন করা হয়। ভবনটির নির্মাণ প্রতিষ্ঠান এ জে কনস্ট্রাকশনের মালিক মো. আবু জাফর প্রথম আলোকে বলেন, শিক্ষা উপদেষ্টা আলাউদ্দিন শুক্রবার রাতে চট্টগ্রামে আসার ব্যাপারে অপারগতা প্রকাশ করেন। এরপর তাত্ক্ষণিক আরেকটি ফলক তৈরি করে গতকাল সকালে লাগানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়রের পাশাপাশি তাঁর স্ত্রী হাসিনা মহিউদ্দিন এবং তাঁর পরিবারের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, যেকোনো ভালো উদ্যোগ বাস্তবায়ন করতে গেলে প্রতিবন্ধকতা আসবে। কিন্তু নগরবাসীর স্বার্থে, সব প্রতিবন্ধকতা অপসারণ করে শিক্ষার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ইফতেখার আহম্মদ খান, সিটি করপোরেশনের শিক্ষা-বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদুল আলম ও জহর লাল হাজারী।