উপাচার্য অনুপম সেনকে হুমকি
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরের প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে ‘হুমকিতে হয় না আদর্শের মৃত্যু’, ‘হুমকি দেওয়া কাপুরুষের কাজ’, ‘আদর্শের কখনো হয় না বিনাশ’, ‘পারলে দেখাও তোমার যুক্তি, কাপুরুষের মতো আর কত দিবে হুমকি’—এ রকম বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
সমাবেশে বক্তারা বলেন, অনুপম সেন শিক্ষার প্রসার, গবেষণা ও মানবসেবায় সারা জীবন ব্যয় করেছেন। তিনি মানুষের কথা বলেছেন। অশুভ শক্তির সঙ্গে আপস করেননি তিনি। তাঁর মতো এমন সজ্জন ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ন্যক্কারজনক। যারা এই কাজ করেছে, তারা কাপুরুষ।
সমাবেশে বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু তাহের, প্রকৌশল অনুষদের ডিন অনিল কান্তি ধর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মুহাম্মদ মুয়াজ্জম হোসেন ও প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীসহ চট্টগ্রামের পাঁচজন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। গত বুধবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড় ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে ডাকযোগে এই চিঠি পাঠানো হয়। তবে বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচলাইশ থানায় জিডি করেন অনুপম সেন।