চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই বলে এক বিবৃতিতে বলেছেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গত মঙ্গলবার রাতে বিভিন্ন গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়।
বিবৃতিতে মহিউদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক পত্রের মাধ্যমে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড গঠন এবং ট্রাস্ট ডিড রেজিস্ট্রি করতে অনুরোধ করেছিল। ওই আদেশ চ্যালেঞ্জ করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা হিসেবে হাইকোর্টে রিট হয়। রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত কারণ দর্শানোসহ নিষেধাজ্ঞা জারি করেন। পরে শুনানি শেষে হাইকোর্ট ১২ জুন মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি করেন। এর ফলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের কোনো সম্পর্ক নেই।
বিবৃতিতে বলা হয়, ১২ জুন ইউজিসির কৌঁসুলি আদালতে এক আবেদনপত্রে মঞ্জুরি কমিশন থেকে মেয়র আ জ ম নাছির উদ্দীনকে পাঠানো চিঠি বাতিল করা হয়েছে বলে উল্লেখ করেন। বিষয়টি চট্টগ্রামের মেয়রকেও চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়।