প্রিয়জনের অপেক্ষায় ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছরের শিশু মোবিন হাসান সারা দিন শুধু বাবাকে খোঁজে। কেউ বাবার কথা জিজ্ঞাসা করলে হাত তুলে কোনো এক দিকে দেখায়। বাবা ওই দিকেই গেছেন। তিন দিন ধরে সে বাবাকে খুঁজে ফিরছে। কিন্তু ওর বাবা আর ফিরে আসেন না। কথাগুলো বলতে বলতে ডুকরে কেঁদে উঠলেন মানোয়ারা বেগম।
গত মঙ্গলবার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হন মনোয়ারার স্বামী রাব্বুল। গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ গ্রামে গিয়ে কথা হয় মনোয়ারার সঙ্গে। তিনি জানান, গ্রামে কাজ নেই। সংসারের অভাব-অনটনের কারণেই তাঁর স্বামী লোকজনের সঙ্গে গরু আনতে গিয়েছিলেন।
ভারত থেকে গরু আনতে গিয়ে গত মঙ্গলবার বিএসএফ টিলাসন ক্যাম্পের সদস্যদের হাতে ধরা পড়েন ৩১ জন বাংলাদেশি। পরে তাঁদের ভারতের হরিপুর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক ৩১ বাংলাদেশির মধ্যে সাতজনের বাড়িই বিভীষণ গ্রামে। সীমান্তবর্তী ওই গ্রামে এখন শোকাবহ পরিবেশ। কর্মক্ষম মানুষটি না থাকায় প্রতিটি পরিবারে পড়েছে কান্নার রোল। দ্রুততম সময়ের মধ্যে প্রিয়জনকে তাঁরা ফিরে পেতে চায়।
এ গ্রামের আরেক বাসিন্দা মোহাম্মদ বাবু (১৮)। তিনি মাছ বেচে সংসার চালাতেন। ধরা পড়ার আগে দুই দিনের মাছ বিক্রি করে তিনি মায়ের জন্য ওষুধ কিনে আনেন। অসুস্থ বাবা কাজ করতে পারেন না। তাই টাকার জন্য লোকজনের প্ররোচনায় তিনি গরু আনতে ভারতে যান। বাবুর মা মাস্তারা বেগম জানান, ছেলের অনুপস্থিতিতে সংসার কীভাবে চলবে, তার চিকিৎসা কীভাবে হবে, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে।
ওই গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝুঁকির কথা জানার পরও শুধু অভাব-অনটনের কারণেই তাঁরা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে গিয়েছিলেন গরু আনতে। গ্রামের নেফাউর রহমান, সৈবুর রহমানসহ আরও অনেকে জানান, বন্যার কারণে গ্রামের চারদিক ডুবে আছে। কাজ না থাকার কারণেই তাঁরা গরু আনতে গিয়েছিলেন। ওপারে বিলে গরু নামিয়ে সাঁতরে আনা হয় বাংলাদেশে। এক জোড়া গরু আনতে পারলে পারিশ্রমিক হিসেবে দুই থেকে পাঁচ হাজার টাকা মেলে। এ বছরের শুরুর দিকে বিভীষণ সীমান্ত দিয়ে গরু আনার সময় বিএসএফের গুলিতে এ গ্রামেরই মাসুদ নামে এক ব্যক্তিসহ দুজন মারা যান। তার পরও ঝুঁকি নিচ্ছেন তাঁরা।
রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান জানান, এই সীমান্ত দিয়ে তেমন চোরাচালান হয় না। এই সীমান্তে কোনো করিডরও নেই। শিবগঞ্জের চোরাকারবারিরা এই দিকে এসে গ্রামের লোকজনকে প্ররোচিত করে এবং অর্থের লোভ দেখিয়ে ভারতে নিয়ে যায়। অভাব-অনটন তো আছেই, অনেকে লোভে পড়েও যান।
এদিকে আটক ৩১ বাংলাদেশির পরিচয় এখনো জানায়নি বিএসএফ। গতকাল বিকেল পর্যন্ত সীমান্তে বিজিবির সদস্যরা অপেক্ষা করলেও পরিচয়ের তালিকা নিয়ে আসেনি বিএসএফ। বিকেলে বিভীষণ বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিবুর রহমান এ তথ্য জানান।
বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার বেলাল হোসেন জানান, বাংলাদেশিদের আটকের পর থেকেই বিজিবি তাঁদের পরিচয় জানার জন্য তৎপরতা
শুরু করে। কিন্তু বিএসএফ এখনো তাঁদের পরিচয় জানায়নি। তবে আটককৃতরা সবাই গরু ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা গরু আনতেই সীমান্ত এলাকায় গিয়েছিলেন।