ফেনী সদর উপজেলার স্থগিত আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন চলাকালে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক ও পাঁচজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা, প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ভোট চলাকালে শর্শদি ইউনিয়নের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে কয়েকজন যুবক জোর করে বুথে ঢুকে ব্যালট পেপারে সিল মারে। এর কিছুক্ষণ পর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আরা বেগম ওই কেন্দ্রে উপস্থিত হয়ে বিষয়টি জানতে পারেন এবং জোর করে ব্যালট পেপারে সিল মারার বিষয়টি কাউকে না জানানোর অপরাধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কানু লাল ঘোষকে আটক করেন। বিভিন্ন ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশ ও প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে বালিগাঁও ইউনিয়নের আক্রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্যপ্রার্থী সিরাজুল হকের ছেলে আবদুল আজিজকে ১০ হাজার টাকা জরিমানা, একই ইউনিয়নের হকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনোয়ার হোসেনকে পাঁচ হাজার টাকা, ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর অক্সফোর্ড কিন্ডারগার্টেন কেন্দ্রে ফখরুল আলম নামের একজনকে এক হাজার টাকা ও শরিফুল ইসলাম নামের অপর একজনকে ৫০০ টাকা এবং মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোজাম্মেল হককে এক হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এদিকে পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড় গ্রামে গত বুধবার রাতে আনোয়ার হোসেন নামের একজন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিপক্ষের কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।