প্রিসাইডিং কর্মকর্তা ও প্রার্থীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটকেন্দ্রে গত শুক্রবার ঘুষ লেনদেনের অভিযোগে একজন প্রিসাইডিং কর্মকর্তা ও ইউপি সদস্য পদপ্রার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা এ দণ্ড দেন।
ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান বলেন, গতকাল শনিবার সকালে ওই দুই ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে হাতিবান্দা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লয়খা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আবদুল বারিক অবৈধ সুযোগ-সুবিধা দিতে ওই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলামের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেন। স্থানীয় লোকজন তাঁদের হাতেনাতে আটক করে মারধর করেন। পরে এলাকাবাসী উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দেন। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ নিয়ে এসে ইউএনও তাঁদের উদ্ধার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবদুল বারিককে সাত দিন ও সাইফুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।