প্রিসাইডিং কর্মকর্তা চার ঘণ্টা অবরুদ্ধ নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার কাঁচাবাড়ি বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনায় গত শনিবার নির্বাচন স্থগিত করা হয়েছে। এ দিন প্রিসাইডিং কর্মকর্তাকে ভোটকেন্দ্রে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন এক পক্ষের সমর্থকেরা।
জানা গেছে, ওই বিদ্যালয়ের নির্বাচনে অভিভাবক সদস্য পদে দুটি প্যানেলে আটজন প্রার্থী হন। এক প্যানেলের নেতৃত্ব দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মমিনুল ইসলাম এবং অপরটির মনছুর আলী। মনছুর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজকুল ইসলামের শ্বশুর।
নির্বাচন স্থগিত করার প্রতিবাদে দুপুরে প্রধান শিক্ষকের অপসারণ ও নির্বাচনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন মমিনুল পক্ষের সমর্থকেরা।
মমিনুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক নিজে ভোটার তালিকা চূড়ান্ত করেন। অথচ ভোট গ্রহণের আগে তিনিই প্রিসাইডিং কর্মকর্তা হেছানুল কবীরের কাছে অভিযোগ করেন, ভোটার তালিকায় ত্রুটি রয়েছে। এ ছাড়া ভোট গ্রহণকক্ষে আমার একজন এজেন্টকে রাখতে তিনি আপত্তি জানান এবং শ্বশুরের পক্ষ নিয়ে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেন। আমার পক্ষ নিয়ে কথা বলায় প্রিসাইডিং কর্মকর্তাকে ভোটকেন্দ্রে অবরুদ্ধ করে রাখা হয়।’
প্রধান শিক্ষক তাজকুল ইসলাম বলেন, ‘আমি অসুস্থ। কারও পক্ষে ভোট চাইনি। কাউকে টাকাও দিইনি। বরং ইউপি সদস্য নিজেই ভোটারদের টাকা দিয়েছেন। নির্বাচন বানচাল করতে ইউপি সদস্য তাঁর লোকজনকে দিয়ে আমাকে ও প্রিসাইডিং কর্মকর্তাকে ওই দিন সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন।’