প্রিসাইডিং কর্মকর্তা নিয়ে দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যুক্ত প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে আওয়ামী লীগ ও বিএনপি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে আজমত উল্লা খানের নির্বাচন পরিচালনা অফিসের সমন্বয়কারী আমানত হোসেন খান অভিযোগ করেন, প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে এখন পর্যন্ত তাঁরা ৩৪ জনকে চিহ্নিত করতে পেরেছেন, যাঁরা ছাত্রদল ও শিবিরের সঙ্গে যুক্ত। তাই এই ৩৪ জনসহ ইসলামী ব্যাংকের যেসব কর্মকর্তা প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁদের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। অন্যদিকে ৮১ জন প্রিসাইডিং কর্মকর্তাকে নিয়ে অভিযোগ তুলছেন বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নান। গত সোমবার বিএনপির প্রার্থীর এজেন্ট সিদ্দিকুর রহমান এই অভিযোগ দেন।

সিদ্দিকুর রহমান বলেন, ‘যাঁদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি, তাঁরা অওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁদের প্রিসাইডিং কর্মকর্তা রাখলে বিশেষ দলের পক্ষে তাঁরা কাজ করবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না।’

রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ‘নির্বাচনে ৩৯২ জন প্রিসাইডিং কর্মকর্তা ঠিক করার সময় সব মেয়র প্রার্থীর সঙ্গে কথা বলা হয়েছে। সবাই তালিকা দেখেছেন। তখন কেউ কোনো আপত্তি করেননি। কিন্তু এখন প্রার্থীরা নানা অভিযোগ দিচ্ছেন। আমরা তাঁদের বলেছি, ঢালাওভাবে না বলে সুনির্দিষ্টভাবে কার বিরুদ্ধে কী অভিযোগ আছে সেটি জানান। তাহলে আমরা ব্যবস্থা নেব।