জামায়াতের বাধার মুখে রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন কেন্দ্রে যেতে পারেননি প্রিসাইডিং কর্মকর্তারা। এতে রংপুর-৪ আসনে (পীরগাছা-কাউনিয়া) ৯০টি কেন্দ্রের মধ্যে ৪৫টিতে এখনো ভোট গ্রহণ শুরু হয়নি। এই আসনে গতকাল শনিবার দিবাগত রাতে ব্যালট বাক্স ছিনতাইসহ কেন্দ্র দখল করতে গিয়ে পুলিশের গুলিতে দুই কেন্দ্রে দুজন নিহত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) শহীদুল হক জানান, জামায়াত-শিবিরের প্রতিরোধের মুখে অনেক প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা সদরে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। ফলে সকাল থেকে ৪৫টি কেন্দ্রে এখনো ভোট গ্রহণ শুরু করা সম্ভব হয়নি।
গুলিতে নিহত ব্যক্তিরা হলেন মেরাজুল ইসলাম (৩৫) ও হাদিউজ্জামান (১৬)।
গতকাল দিবাগত রাত দুইটা থেকে তিনটার মধ্যে পীরগাছার পারুল ইউনিয়ন দেউতি উচ্চবিদ্যালয় কেন্দ্রে মেরাজুল ইসলাম ও একই ইউনিয়নের মেকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাদিউজ্জামান নিহত হয়। সে একটি মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলেয়া ফেরদৌস দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গতকাল জামায়াত-শিবির কেন্দ্র দখল করতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পরে পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়। এতে দুজন নিহত হয়। তাঁরা জামায়াতের কর্মী।
বর্তমানে পুরো উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী টিপু মুন্সি (নৌকা) আর জাতীয় পার্টির করিমউদ্দিন ভরসা (লাঙ্গল)।