প্রিসাইডিং কর্মকর্তাদের লোভ দেখানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিসাইডিং কর্মকর্তাদের প্রভাবিত করার জন্য মোটা অঙ্কের টাকার লোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর দাবি, যাঁদেরকে টাকা দিয়ে কাজ হচ্ছে না, তাঁদের বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। গতকাল রোববার সকালে নগরের একটি রেস্তোরাঁয় চট্টগ্রাম ২০-দলীয় জোট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আমীর খসরু অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নির্দেশনার পরও বহিরাগত ব্যক্তিরা এখনো নগরে অবস্থান করছেন। চট্টগ্রামের আশপাশের সন্ত্রাসীদের শহরে নিয়ে আসা হয়েছে এবং ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে। নগরের বিভিন্ন ক্লাব, হোটেল, গেস্ট ও রেস্ট হাউসে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে ভর্তি করে রেখেছে। নির্বাচনে কারচুপি ঠেকাতে সাংবাদিকদের চোখ-কান খোলা রাখারও আহ্বান জানান তিনি।
বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু অভিযোগ করেছেন, যেসব কেন্দ্রে মনজুর আলমের সমর্থন বেশি, সেখানে সন্ত্রাসীদের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোট বন্ধ করে দেওয়া বা কেন্দ্র দখলের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাসের সমন্বয়ে নির্বাচনকে দখলের চেষ্টা করছে। জোর করে নির্বাচনকে নিজেদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। এটি করছে একেবারে নগ্নভাবে এবং এতে লজ্জা-শরমের কোনো বালাই নেই।’
মনজুর আলমের নির্বাচনী এজেন্ট, কেন্দ্র আহ্বায়কদেরও গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আমীর খসরু। তবে সবকিছু উপেক্ষা করে চট্টগ্রামবাসীকে ২৮ এপ্রিল ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে মেয়র পদপ্রার্থী মনজুর আলমের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসেননি।
সংবাদ সম্মেলনে আমীর খসরু অভিযোগ করেন, ‘পুলিশ বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে আমাদের নির্বাচনী এজেন্ট ও নির্বাচনী কেন্দ্রের আহ্বায়কদের খুঁজছে। এঁদের অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। যাঁদেরকে বাসায় পাওয়া যাচ্ছে না, তাঁদের ঘরবাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। দলের লোকজন যাতে নির্বাচনে দায়িত্ব পালন না করেন, সে জন্য তাঁদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার পাশাপাশি অপমান করা হচ্ছে।’ গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের সংখ্যা নির্দিষ্ট না করে কয়েকজনের নাম উল্লেখ করেন তিনি।
নির্বাচনে মনজুরের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘এ নির্বাচনকে আমরা আমাদের আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। সে কারণে জনগণের বিশাল সম্পৃক্ততা ও গণজোয়ার শুরু হয়েছে। এর পর থেকে আমরা লক্ষ করছি, নির্যাতন-নিপীড়ন বাড়তে শুরু করেছে। গত দু-তিন দিনে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।’
নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ করে আমীর খসরু জানান, নির্বাচন কমিশনকে প্রতিটি ঘটনা অবহিত করা হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপির সভাপতি অলি আহমদ, বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির নেতা মাহবুবুর রহমান প্রমুখ।