প্রিসাইডিং কর্মকর্তার কারাদণ্ড
গোপনে ব্যালট পেপারে সিল মারার অপরাধে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ঠাকুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুস সবুরকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নানা অনিয়ম ও ভোট কারচুপির ঘটনার মধ্য দিয়ে গতকাল শনিবার এ জেলার পাঁচটি উপজেলার ২২টি ইউপির ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রিসাইডিং কর্মকর্তা সবুর গোপনে ব্যালট পেপারে সিল মারেন। পরে বাক্সে ফেলার সময় এক ইউপি সদস্য প্রার্থীর এজেন্ট তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। কেন্দ্রটিতে জাল ভোট দেওয়া হচ্ছে, এমন খবর জানাজানি হলে প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। কয়েক দফা সংঘর্ষে পাঁচজন আহত হন। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ফারাহ্ নাজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রিসাইডিং কর্মকর্তা সবুরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
একই ইউপির কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সদস্য প্রার্থী সরোয়ার হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের জেরে কেন্দ্রটিতে প্রায় আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে নির্বাহী হাকিম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আবার ভোট গ্রহণ শুরু হয়।
উপজেলার কে সি লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলম তিনটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে সিল মারছিলেন। এ সময় প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কেন্দ্রটিতে ভোট গ্রহণ প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে। পরে প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভোট গ্রহণ শুরু হয়।
কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত হাকিম তাসলিমা মোস্তারী প্রথম আলোকে জানান, সকাল সাড়ে নয়টায় এই কেন্দ্রে ঢুকে মোরগ প্রতীকের সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর তিনটি ব্যালট বই ছিনতাই করে তাতে সিল মারছিলেন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্যালট বই তিনটি বাতিল করে সাড়ে ১০টার দিকে আবার ভোট গ্রহণ শুরু করা হয়।