প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব থেকে বাদ জামায়াত নেতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড উপজেলা আমির শফিকুল মাওলাকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর নিয়োগ বাতিল করে চিঠি দেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি গোপন রেখে শফিকুল মাওলা গত শনিবার নির্বাচন কমিশনের প্রশিক্ষণ নেন। এর আগে কমিশন তাঁকে নির্বাচনে ২৩৭ নম্বর কেন্দ্রে (ভেলুয়ারদীঘি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র) সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়। পরে তাঁর দলীয় সম্পৃক্ততার বিষয়টি জানাজানির পর কমিশন তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। ২৩৭ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আলী আজম প্রথম আলোকে বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা শফিকুল মাওলার নিয়োগ বাতিলের বিষয়টি আমাকে টেলিফোনে জানিয়েছেন। তাঁর পরিবর্তে ওই কেন্দ্রে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের একজন প্রিভেনটিভ কর্মকর্তাকে।শফিকুল মাওলা সীতাকুণ্ড উপজেলায় ফৌজদারহাট কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে সীতাকুণ্ড (চট্টগ্রাম-২) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি জিততে পারেননি।