ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ভোটসংখ্যা পরিবর্তন করে এক সদস্য প্রার্থীকে জিতিয়ে দেওয়ার অভিযোগ করেছেন এক প্রার্থী। জসাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ওই প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।
ওই কেন্দ্রের ভোট আবার গণনা করার দাবিতে কেন্দ্রটির ১ নম্বর ওয়ার্ডের চারজন পোলিং এজেন্ট গত সোমবার এবং পরাজিত প্রার্থী মো. ইসমাইল গত ২৮ এপ্রিল রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। ওই পোলিং এজেন্টরা হলেন ফারাজ আলী, মাহাবুব জামিল, মো. আলতাফুর ও বাসিরুল ইসলাম।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ওই ইউপিতে ২৩ এপ্রিল ভোট হয়। এতে ১ নম্বর ওয়ার্ডে সদস্যপদে সহিরউদ্দীন জয়ী ও তাঁর নিকটতম প্রার্থী হন মো. ইসমাইল।
অভিযোগপত্রে বলা হয়, ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সুকমল বিশ্বাস ভোট গণনা শেষে কে কত ভোট পেলেন, তার শিট না দিয়ে মৌখিকভাবে ফল ঘোষণা করে রাত আটটার দিকে তড়িঘড়ি করে কাগজপত্র গুটিয়ে চলে যান। পোলিং এজেন্টরা অনেকবার ফলাফলের শিট চাইলেও তিনি দেননি। কেন্দ্রে মৌখিকভাবে জয়ী সদস্যের ভোট ৬৪৮ ঘোষণা করা হয়। অথচ উপজেলা পরিষদে নির্বাচন মনিটরিং কক্ষে এসে প্রিসাইডিং কর্মকর্তা জয়ী প্রার্থীর ভোটসংখ্যা দেখান ৭৪৮।
রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘এখন নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করে এ সমস্যার নিষ্পত্তি করতে হবে। আমি কিছুই করতে পারব না।’
প্রিসাইডিং কর্মকর্তা সুকমল বিশ্বাস বলেন, ‘ভোটকেন্দ্রে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য—সবাইকে ফলাফলের শিট দেওয়া হয়েছে। সবার সামনে ভোট গণনা করা হয়েছে। জালিয়াতি করা হয়নি।’