প্রিসাইডিং কর্মকর্তাসহ আহত ১২
দেশের বিভিন্ন জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপিতে) নির্বাজনকে কেন্দ্র করে রোববার সহিংসতার ঘটনা ঘটেছে। ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় হামলায় কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তা আহত হয়েছে। কয়েকটি স্থানে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যাকুট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল্লাহ ও প্রভাষক সৈয়দ আবদুস শুকুর ভোট গণনা শেষে ব্যালট বাক্স ও পেপার নিয়ে ফেরার সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েকটি গুলি ছুঁড়ে। সন্ত্রাসীরাও পুলিশকে লক্ষ্য গুলি ও ককটেল ছুঁড়ে। এ সময় অর্ধশত গুলি বিনিময় হয় বলে এলাকাবাসি জানায়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জুড়ী (মৌলভীবাজার): পুর্ব জুড়ী ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম উদ্দিন নির্বাচনী প্রচারণা শেষে তাঁর সমর্থকদের নিয়ে আতিয়াবাগ চা-বাগান থেকে ফিরছিলেন। পথে প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিনের সমর্থকেরা তাঁদের ওপর চালালে সংঘর্ষ শুরু হয়। এতে ১০ জন আহত হন। আহতদের মধ্যে সেলিমের ব্যক্তিগত জিপের চালক সিপারের অবস্থা গুরুতর। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সেলিম উদ্দিন বাদী হয়ে জুড়ী থানায় মামলা করেছেন। গিয়াস উদ্দিন হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।