দেশের আট জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপিতে) নির্বাজনকে কেন্দ্র করে রোববার সহিংসতার ঘটনা ঘটেছে। ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় হামলায় চারজন প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশের এক সদস্য আহত হয়েছে। কয়েকটি স্থানে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৪৫ জন আহত হয়েছে। গাইবান্ধায় পুলিশের কাছ থেকে একটি রাইফেল ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। হরিপুর ও সৈয়দপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এসব স্থানে ফাঁকা গুলি ও কাদানে গ্যাসের সেল ছোঁড়েছে। রাজবাড়ীর পাংশা ও মৌলভীবাজারের জুড়ীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১০ জন আহত হয়েছে। সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাবেক সাংসদসহ ৮৪ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে চারজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: গোয়ালন্দ (রাজবাড়ী): রোববার রাত সাড়ে ১০টায় পাংশার মাঝবাড়ী ইউনিয়নের মোহনপুর এলাকায় নির্বাচনী প্রচার কাজ শেষ করে চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন শেখ ও সাবেক সাংসদ সদরুল আমিন হাবিবসহ শতাধিক লোক বাড়ি ফিরছিল। এ সময় মাঝবাড়ি ইউপির অপর চেয়ারম্যান প্রার্থী কাজী সাইফুল ইসলামের দুই ভাইয়ের সঙ্গে মহিউদ্দিনের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের কয়েক জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করতে গেলে উপস্থিত সাইফুল ইসলামের কিছু লোক সাবেক সাংসদের বাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ও একটি মটরসাইকেল ভাঙচুর করে। পরে লাঠিপেটা করলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। এ ঘটনায় পুলিশ সদরুল আমিন হাবিবসহ ৮০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।গোপালগঞ্জ: কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউপির পরাজিত প্রার্থী লাল মোহন বিশ্বাস তাঁর লোকজন নিয়ে হাজরাবাড়ী গ্রামের মজুমদারবাড়ীতে রোববার সকালে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁরা সবাইকে মারধর করে এবং কয়েকটি বাড়ি ভাঙচুর করে। এতে কলেজ ছাত্রী দীপন্না মজুমদার, নির্মল মজুমদার, মিতু মজুমদার, সুনীল কুমার বিশ্বাস, দুলালী বিশ্বাস , কার্তিক মজুমদারসহ ৩০ জন আহত হন। কলেজ ছাত্রী দীপন্না মজুমদার অভিযোগ করেন, লাল মোহন বিশ্বাসের পক্ষ না করায় তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালিয়েছে। লাল মোহন বিশ্বাস তার বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। ঠাকুরগাঁও: হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের সাধারণ সদস্য পদে রামহরি সিংহকে বিজয়ী ঘোষণার পর রোববার রাতে প্রতিপক্ষ দুই প্রার্থী রাফিজুল ইসলাম ও হেদলা রামের সমর্থকদের হামলায় প্রিসাইডিং কর্মকর্তা মোজাফ্ফর হোসেন,সহকারি প্রিসাইডিং কর্মকর্তা ফজলুর রহমান, পোলিং কর্মকর্তা অতুল চন্দ্রসহ ১২জন আহত হন। ওই সময় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িসহ ২টি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচটি গুলি ছোঁড়ে। আমগাঁও ইউনিয়নের ঠাকিঠুকি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ভ্রাম্যমান আদালত রফিজুল ইসলাম, মোহাম্মদ জুয়েল ও কাজলকে এক বছর এবং এনামুল হককে ছয় মাসের সশ্রম কারাদন্ড দেন। কুড়িগ্রাম: জাল ভোট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নন্দী গ্রামে সদস্য প্রার্থী হাবিবুর রহমান ও দিলীপ কুমারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে আট জন আহত হয়েছে। আহতেরা হলেন হায়দার আলী, মুকুল, ফুলমিয়া, নুরুজ্জামান, মজিদ,বিপ্লব, রমেশ ও বিশাল। থানাহাট ইউনিয়নে সদস্য প্রার্থী মশিউর রহমান ও সুরুজ্জামানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন আহত হয়।কুষ্টিয়া: দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউপি নির্বাচনে বিজয়ী সদস্য সুমন মন্ডলের কয়েকজন সমর্থক রোববার সন্ধ্যায় পরাজিত প্রার্থী আমিনুদ্দিনের বাড়ীর সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় আমিনুদ্দিনের সমর্থকেরা তাদের উপর হামলা চালায়। এ ঘটনার জেরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হন। এদের মধ্যে গিয়াস উদ্দিন, মিজানুর রহমান, আসলাম, সুলতান হোসেন, আনারুল ইসলাম, নজরুল ইসলাম, কামাল হোসেন, রঞ্জনা, সাইফুল ইসলাম, বাবু, লালচাঁদ, সাবজুল, আজু, বাবলু ও মজিদুল ইসলামকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধা: সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তা রোববার রাত ১০ টায় ব্যালট বাক্স নিয়ে মাইক্রোযোগে রওনা দেন। কিঞ্চিবাড়ি এলাকায় পৌঁছানোর পর ওই ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমের লোকজন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাইক্রোবাস থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দিলে তাঁরা সদর পুলিশ ফাড়ির এক কন্সস্টেবলের মাথায় আঘাত করে রাইফেল ছিনিয়ে নেয়। এতে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হয়। পরে সেখানে পুলিশ এসে ৪০ টি শর্ট গানের গুলি ও ৪ রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ১০ টায় একই উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোলজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার এক পর্যায়ে দুই আব্দুল জলিল ও আব্দুল হামিদ নামে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। এসময় জনতা কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ টি গুলি ও ৩ রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ছোড়ে। দহবন্দ ইউপির সদস্য প্রার্থী ইউনুস আলীর সমর্থকেরা গোপাল চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৫০ টি গুলি ও ৪ রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়ে। ছিনতাই হওয়া রাইফেলটি উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ঘাগোয়া ইউনিয়নের রূপারবাজার গ্রামে রোববার চেয়ারম্যান প্রার্থী ডিজু বকসী ও অপর প্রার্থী আমিনুর জামানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১৭ জন আহত হয়। প্রচার চালানোর সময় এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ: সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জামুয়া গ্রামের ভোটকেন্দ্রের পাশে সানোয়ার হোসেন ও আতাউর রহমান নামে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে রোববার সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। তাঁদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যাকুট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল্লাহ ও প্রভাষক সৈয়দ আবদুস শুকুর ভোট গণনা শেষে ব্যালট বাক্স ও পেপার নিয়ে ফেরার সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েকটি গুলি ছুঁড়ে। সন্ত্রাসীরাও পুলিশকে লক্ষ্য গুলি ও ককটেল ছুঁড়ে। এ সময় অর্ধশত গুলি বিনিময় হয় বলে এলাকাবাসি জানায়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নীলফামারী: পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা গোরগ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের জন্য হামলা চালায় । এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনার কলি মাহমুদ এর গাড়ী ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে। খোকশাবাড়ী ইউনিয়নের সন্যাসীতলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়,লক্ষ্মিচাপ ইউনিয়নের দুবাছুরী মাদ্রাসা কেন্দ্রে ও পঞ্চপুকুর ইউনিয়নের মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ গুলি ছোঁড়ে। জুড়ী (মৌলভীবাজার): পুর্ব জুড়ী ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম উদ্দিন নির্বাচনী প্রচারণা শেষে তাঁর সমর্থকদের নিয়ে আতিয়াবাগ চা-বাগান থেকে ফিরছিলেন। পথে প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিনের সমর্থকেরা তাঁদের ওপর চালালে সংঘর্ষ শুরু হয়। এতে ১০ জন আহত হন। আহতদের মধ্যে সেলিমের ব্যক্তিগত জিপের চালক সিপারের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সেলিম উদ্দিন বাদী হয়ে জুড়ী থানায় মামলা করেছেন। গিয়াস উদ্দিন হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।