প্রিয় ক্যাম্পাসেই থাকছেন জাফর ইকবাল, ইয়াসমিন

প্রিয় ক্যাম্পাসেই থাকছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল ও ইয়াসমিন হক।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়ায় এবং শিক্ষার্থীদের ভালোবাসার টানে তাঁরাও পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এ পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। জাফর ইকবাল এ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক। তাঁর স্ত্রী ইয়াসমিন হক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছিল দুই বিশ্ববিদ্যালয়। কিন্তু শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরে এ সিদ্ধান্ত থেকে সরে আসে। এ সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি জাফর ইকবাল ও ইয়াসমিন হক। ফলে তাঁরা বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। তাঁদের এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গত মঙ্গলবার রাতেই ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীরা অবস্থান নেন।
এ অবস্থায় গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক হয়। বৈঠকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার আগের সিদ্ধান্তে ফিরে যায় কাউন্সিল। বৈঠকে ৩০ নভেম্বরের নির্ধারিত ভর্তি পরীক্ষা স্থগিতের আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এ পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অন্যতম সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাবুর রহমান প্রথম আলোকে বলেন, বৈঠকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি মুহম্মদ জাফর ইকবাল ও ইয়াসমিন হকের পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে উপাচার্য তাঁদের অনুরোধ করবেন বলে সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে বেলা আড়াইটার দিকে উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া জাফর ইকবাল ও ইয়াসমিন হকের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাঁরা তিনজন ও অন্য শিক্ষকেরা প্রশাসনিক ভবনের সামনে আগে থেকেই অবস্থান নিয়ে থাকা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় উপাচার্য গুচ্ছ পদ্ধতি বহাল রাখার বিষয়টি শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে জানান।
সেখানে জাফর ইকবাল বলেন, ‘সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। একাডেমিক কাউন্সিল থেকে আমাদের পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে। দেশের সর্বোচ্চ মহল থেকেও আমাদের একই অনুরোধ করা হয়েছে। তাই আমরা আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ে সুখ-দুঃখ-আনন্দ-কষ্টে একসঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ইয়াসমিন হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের ছেড়ে আমরা যেতে পারি? কখনো না। তোমাদের সঙ্গে আমরা এই ক্যাম্পাসেই থাকব।’
জনপ্রিয় দুই শিক্ষকের পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসায় ক্যাম্পাসে আনন্দ-উল্লাস করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
গত মঙ্গলবার জাফর ইকবাল ও ইয়াসমিন হক যৌথভাবে ‘প্রিয় শাবিপ্রবি’ নামে একটি খোলা চিঠি লিখেছিলেন। গতকাল পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসার পর তাঁরা একই শিরোনামে আরেকটি খোলা চিঠি লিখেছেন। জাফর ইকবাল নিজ হাতে লেখা সেই চিঠি গতকাল সাধারণ শিক্ষার্থীদের পড়ে শোনান।
চিঠিতে বলা হয়, পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর সহকর্মী ও ছাত্রছাত্রীদের যে প্রতিক্রিয়া তিনি (জাফর ইকবাল) দেখেছেন, সেটি কখনো আশা করেননি। চিঠিতে তিনি লেখেন, ‘...আমাদের বিভাগের শিক্ষকেরাও পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। অন্য শিক্ষকেরাও একই কথা বলেছেন। ছাত্রছাত্রীরা সব সময় তীব্র আবেগ নিয়ে কথা বলে, তাদের এই আবেগ যুক্তি দিয়ে নিবৃত্ত করা সম্ভব নয়। আমরা সেই চেষ্টা করে ব্যর্থ হয়েছি। সবার ভালোবাসা উপেক্ষা করার ক্ষমতা আমাদের নেই।’
বর্তমান পরিস্থিতির নেপথ্যে: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, প্রথম বর্ষের ভর্তিতে এবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে গুচ্ছ পদ্ধতির পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গুচ্ছ পদ্ধতির ভর্তি কার্যক্রমে মেধার অবমূল্যায়ন হতে পারে—এ দাবি করে সিলেটের বাম ও প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতারা ওই পদ্ধতি বাতিলের দাবি জানান। গতকাল দুপুরে নগরের পুরান লেন এলাকায় এক জরুরি সভা করে তাঁরা ‘গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিতে হলে দেশের সব বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে তা নেওয়া উচিত’ বলে মত দেন।
আবার বিএনপি-জামায়াত-সমর্থক রাজনীতিবিদ, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাদের সমন্বয়ে ‘সচেতন সিলেটবাসী’র ব্যানারে ছিল আরেকটি পক্ষ। এ পক্ষও গুচ্ছ পদ্ধতি বাতিলে আন্দোলন শুরু করে। তবে তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের জন্য ৫০ ভাগ কোটা সংরক্ষণের দাবি জানায়।
এ পক্ষও গত রাতে নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান লোদীর কার্যালয়ে সভা করেন। রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা সমন্বিত ভর্তি পদ্ধতির বিরুদ্ধে নই। আমরা চাই এটা যেন অপেক্ষাকৃত নবীন কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে না হয়। সমমর্যাদার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হয়।’
এর বাইরে ছিলেন জাফর ইকবাল, ইয়াসমিন হক ও তাঁদের অনুসারী বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের একটি বড় অংশ। এই শিক্ষকেরা গুচ্ছ পদ্ধতির পক্ষে ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের বাইরের ওই দুই পক্ষের যুগপৎ তৎপরতার মুখে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক ডেকে গুচ্ছ পদ্ধতি স্থগিত করার ঘোষণা দেয়। ৩০ নভেম্বরের ভর্তি পরীক্ষাও স্থগিত করা হয়। এ ঘোষণার পর জাফর ইকবাল ও ইয়াসমিন হক গত মঙ্গলবার সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দেন। তাঁরা নিজ নিজ পদত্যাগপত্রে সই করে তা উপাচার্যের কাছে পাঠান। পরে দুজনের যৌথ স্বাক্ষরে ‘প্রিয় শাবিপ্রবি’ শিরোনামে একটি খোলা চিঠি প্রকাশ করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন।
রাতে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ: শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতে সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। রাত প্রায় সাড়ে নয়টার দিকে উপাচার্যের বাসভবনের পাশের ফাঁকা জায়গায় তিনটি ককটেল ফাটানো হয়। এর পরে ক্যাম্পাসের গোল চত্বরে একটি এবং ছাত্র হল ও টিচার্স কোয়ার্টারের মধ্যবর্তী স্থানে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ক্যাম্পাসে অবস্থানরত সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার টহল পুলিশ একটি ফাঁকা গুলি ছোড়ে।
ক্যাম্পাস সূত্র জানায়, ছাত্রী হলের পাশে ককটেল বিস্ফোরণের শব্দ শুনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল হল থেকে বের হয়ে জাফর ইকবালের বাসায় যায়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাবুর রহমান প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে পুলিশ পাহারা বাড়াতে সংশ্লিষ্ট থানাকে বলা হয়েছে।