প্রিয় পারুলদির জন্য অন্য রকম আয়োজন
পারুল বাসফোর ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের পরিচ্ছন্নতাকর্মী। শিক্ষার্থীদের কাছে তিনি অত্যন্ত প্রিয়। শিক্ষকেরাও তাঁকে ভালো জানেন। সেই পারুলের বিয়ে ঠিক হলে শিক্ষার্থীরা এগিয়ে আসেন। গত সোমবার রাতে ধুমধাম আয়োজনে পারুলের বিয়ে হয়।
কলেজের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী জানান, পারুল বাসফোরের মা কলেজের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। পারুল অষ্টম শ্রেণীতে পড়ার সময় তাঁর মা অসুস্থ হয়ে কর্মক্ষমতা হারান। পরে মায়ের স্থলাভিষিক্ত হন পারুল। এটা বেশ কয়েক বছর আগের কথা। এরপর কর্মদক্ষতা ও সরলতার মাধ্যমে পারুল ধীরে ধীরে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে প্রিয় হয়ে ওঠেন।
সম্প্রতি পারুলের বিয়ে ঠিক হয় গাজীপুরের কবীরপুর এলাকার সূর্য বাসফোরের সঙ্গে। বিয়ের আয়োজনে ব্যস্ত হয়ে পড়েন শিক্ষার্থীরা। এগিয়ে আসেন কলেজের বাংলা বিভাগের প্রধান রতন সিদ্দিকি ও সহযোগী আধ্যাপক আফজালুর রহমান। এক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা অর্থ সংগ্রহ, অতিথিদের দাওয়াত করা, প্যান্ডেল তৈরিসহ নানা কাজে ব্যস্ত সময় পার করেন। কয়েকজন শিক্ষার্থী জানান, ছেলেরা কলেজের শিক্ষক ও পৌরসভার মেয়রের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে কলেজের মাঠের এক পাশে বড় প্যান্ডেল করেন। মেয়েরা ব্যস্ত থাকেন পারুলের বিয়ের সাজসজ্জা নিয়ে।
সোমবার রাত ১২টা ১ মিনিটে শুরু হয় বিয়ের লগ্ন। অবশ্য সন্ধ্যা থেকে কলেজের শত শত শিক্ষার্থী আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। নেচে-গেয়ে পারুলদির বিয়ে স্মরণীয় করে রাখেন।
শিক্ষার্থীদের আমন্ত্রণে বিয়েতে উপস্থিত থেকে নতুন দম্পতির জন্য শুভ কামনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম, আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ, পৌরসভার মেয়র ইকরামূল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পারুল অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্বরে বলেন, ‘সবার কাছে আমি কৃতজ্ঞ।’
রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামাল হোসেন বলেন, ‘মানুষের মধ্যে ভেদাভেদ দূর করতে শিক্ষকদের প্রেরণায় আমরা এ বিয়ের আয়োজন করি।’