প্রিয় ফুটবল দলের পতাকা ওড়াতে গিয়ে প্রাণ গেল কিশোরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ
হবিগঞ্জ

চারদিকে চলছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। সেই উন্মাদনা হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের কিশোর রিয়াজের মধ্যেও কাজ করে। আর তাই প্রিয় ফুটবল দলের পতাকা ওড়াতে একটি উঁচু টিনের ঘরের ওপরে ওঠে সে। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তার।

মৃত রিয়াজ (১২) আর্জেন্টিনার সমর্থক ছিল। সেই একই গ্রামের জিতু মিয়ার ছেলে। গ্রামের স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত সে। তার মা মধ্যপ্রাচ্যের একটি দেশে থাকেন। তিন ভাইয়ের মধ্যে রিয়াজ সবার বড় ছিল।

স্থানীয় বাসিন্দা ও হবিগঞ্জ থানা সূত্রে জানা যায়, রিয়াজের ফুটবল খেলা ছিল পছন্দের। সে নিজেও ফুটবল খেলত। এবারের বিশ্বকাপে তার প্রিয় দল ছিল আর্জেন্টিনা। তাই বাবার কাছ থেকে টাকা নিয়ে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা সদর থেকে আর্জেন্টিনার একটি পতাকা কিনে নিয়ে আসে সে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ওই পতাকা ওড়াতে বাড়ির পাশে একটি উঁচু টিনের ঘরের ওপরে ওঠে। ঘরটির ওপর দিয়ে গেছে গ্রামের বিদ্যুৎ লাইন। পতাকাবাহী বাঁশ বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজ চাল থেকে মাটিতে ছিটকে পড়ে যায়। এতে আহত হয়েছেন সেলিম মিয়া নামের একজন। পরে আশপাশের লোকজন রিয়াজ ও সেলিমকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রিয়াজকে। আহত সেলিম ওই হাসপাতালে চিকিৎসাধীন।

আর্জেন্টিনার পতাকা ওড়াতে গিয়ে রিয়াজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিকেলে সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেন প্রথম আলোকে বলেন, তার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।