প্রিয় লেখককে ভালোবাসায় স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে নুহাশপল্লীতে গতকাল হ‌ুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন স্ত্রী শাওন, ছেলে নিষাদ ও নিনিদ l ছবি: প্রথম আলো
গাজীপুরে নুহাশপল্লীতে গতকাল হ‌ুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন স্ত্রী শাওন, ছেলে নিষাদ ও নিনিদ l ছবি: প্রথম আলো

কবরে ভক্ত ও স্বজনদের পুষ্পস্তবক অর্পণ, শোকযাত্রা, স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশপল্লীতে বেলা সাড়ে ১১টায় হ‌ুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। সঙ্গে ছিল তাঁর দুই ছেলে নিষাদ ও নিনিদ। এ সময় শাওনের বাবা মোহাম্মদ আলী ও মা সাবেক সাংসদ তহুরা আলীও উপস্থিত ছিলেন। সেখানে দোয়া পরিচালনা করেন নুহাশপল্লীর মসজিদের ইমাম মৌলভি মুজিবুর রহমান। এ সময় হ‌ুমায়ূনের ভক্তরাও কবরে শ্রদ্ধা জানান ও দোয়ায় অংশ নেন।
কবর জিয়ারত শেষে শাওন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন হ‌ুমায়ূন আহমেদ। কারণ দেশের ওপর যখনই বড় ধরনের কোনো আঘাত এসেছে, হ‌ুমায়ূন আহমেদের কলম তখনই সোচ্চার হয়েছে। তিনি সমগ্র বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখতেন। তারপর ছিল তাঁর নিজের স্বপ্ন।
হ‌ুমায়ূন আহমেদের নামে ট্রাস্টের ব্যাপারে শাওন বলেন, ‘ট্রাস্টের কাজের অগ্রগতি কিছুটা হয়েছে। সম্পন্ন হলে সবাইকে জানাব।’

.
.

হ‌ুমায়ূন আহমেদের কবর ঘিরে তাঁর ব্যবহৃত জিনিসগুলো নিয়ে একটি জাদুঘর নির্মাণের পরিকল্পনা আছে বলে জানান শাওন। তিনি বলেন, হ‌ুমায়ূন আহমেদ এখানে আছেন। তাঁর জিনিসগুলো যদি একত্র করে একটা জাদুঘর করা যায়, তাহলে যাঁরা কবর জিয়ারত করতে আসেন, তাঁরা জাদুঘরও দেখে যেতে পারবেন। এ বিষয়ে আগামী জন্মদিনের আগেই একটা সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সকালে হ‌ুমায়ূন আহমেদের ভাই অধ্যাপক মো. জাফর ইকবাল ও কার্টুনিস্ট আহসান হাবীব এবং তাঁর তিন বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ, রোকসানা আহমেদসহ তাঁদের সন্তান-সন্ততি নুহাশপল্লীতে আসেন এবং কবর জিয়ারত করেন। বেলা সাড়ে ১১টায় তাঁরা নুহাশপল্লী ত্যাগ করেন। বাদ জোহর নুহাশপল্লীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং এতিমদের মধ্যাহ্নভোজ করানো হয়।
গতকাল ‘হিমু পরিবহন’-এ করে রাজধানীর শাহবাগ এবং গাজীপুর থেকে অর্ধশতাধিক ‘হিমু’ নুহাশপল্লীতে আসেন। হিমু পরিবহনের সমন্বয়ক আসলাম হোসেন বলেন, ক্যানসার সচেতনতায় তাঁরা কাজ করেন। দিনব্যাপী নুহাশপল্লীতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন ‘হিমু’রা।
হ‌ুমায়ূন আহমেদের গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কুতুবপুরেও গতকাল নানা কর্মসূচি পালিত হয়।
সেখানে লেখকের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন। বিদ্যালয় প্রাঙ্গণে উত্তোলন করা হয় কালো পতাকা। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোরআন খতম করে। বের করা হয় শোকর্যারলি। এতে শিক্ষক-শিক্ষার্থী ও ভক্তরা ছাড়াও লেখকের চাচা আলতাফুর রহমান আহমেদ অংশ নেন। পরে হ‌ুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সব শেষে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। কর্মসূচিতে পুলিশ প্রশাসন ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় হ‌ুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ‘হ‌ুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ’ নামের একটি সংগঠন এই স্মরণসভার আয়োজন করে। পরে সেখান থেকে একটি শোকযাত্রা বের করা হয়।
ওই স্মরণসভায় বক্তারা বলেন, কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদ ছিলেন বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যের শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর লেখা উপন্যাস, গল্প, নাটক, চলচ্চিত্রসহ বিভিন্ন সৃষ্টিকর্ম মানুষকে ব্যাপকভাবে নাড়া দেয়। তাঁরা আরও বলেন, গৌরীপুর রেলওয়ে স্টেশন নিয়ে ‘গৌরীপুর জংশন’ নামে হ‌ুমায়ূন আহমেদের একটি বিখ্যাত উপন্যাস আছে। তাই প্রতিবছর এই রেলওয়ে জংশনে বসে হ‌ুমায়ূন আহমেদকে স্মরণ করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি মোতালিব বিন আয়েতের সভাপতিত্বে স্মরণসভায় কবি সেলিম আল রাজ, সংগঠনের উপদেষ্টা শফিকুল ইসলাম, সহীদুর রহমান, গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর হোসাইন, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া প্রমুখ বক্তব্য দেন।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন গাজীপুর ও কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি এবং ময়মনসিংহ অফিস]