প্রিয় শিক্ষকের জন্য কাঁদলেন সহকর্মী-শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক আখতার জাহানের স্মরণে শোক র‍্যালি বের করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো
অধ্যাপক আখতার জাহানের স্মরণে শোক র‍্যালি বের করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

দরজা-জানালা বন্ধ, অন্ধকারাচ্ছন্ন কক্ষে বসে আছেন সবাই। চারদিকে পিনপতন নীরবতা। অন্ধকার ভেদ করে প্রজেক্টরের রঙিন পর্দায় ভেসে উঠল প্রিয় শিক্ষকের ছবি। একের পর এক ভেসে উঠছে ছবি, পেছনে বাজছে রবিঠাকুরের ‘তুমি রবে নীরবে...’ গানের সুর। একপর্যায়ে শোনা গেল কান্নার শব্দ। ঘরের ভেতরে যখন এমন পরিবেশ, বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি।

আজ রোববার বেলা একটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২৩ নম্বর কক্ষে বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। সেখানে আকতার জাহানকে নিয়ে নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের সবার চোখই ভিজে ওঠে। স্মৃতিচারণার পাশাপাশি ওঠে আসে প্রিয় শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি।

৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের নিজ কক্ষ থেকে আকতার জাহানকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

না ফেরার দেশে চলে যাওয়া প্রিয় এই সহকর্মীকে নিয়ে বলতে গিয়ে আজকের শোকসভায় আবেগাপ্লুত হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মশিহুর রহমান। বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন দ্বিতীয় বর্ষে তখন জলি (আকতার জাহান) প্রথম বর্ষে ভর্তি হন। রাজশাহীতে এসে সহকর্মী হওয়ার পর প্রতিদিন আমার খোঁজ নিতেন। সবার সঙ্গেই পেশার বাইরেও ব্যক্তি-সম্পর্ক রেখে গেছেন জলি।’

আরেক সহকর্মী সেলিম রেজা বলেন, ‘কী পরিস্থিতি তৈরি হলে একটা মানুষ আত্মহত্যা করতে পারে, তা আমাদের বিবেচনায় আনতে হবে। আমরাও জলির মৃত্যুর দায় এড়াতে পারি না।’

বিভাগের সভাপতি হিসেবে কাঁধে দায়টা বেশি নিয়ে প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘জলি আপার মৃত্যু আমাকে দুইভাবে বিধ্বস্ত করেছে, ব্যক্তি হিসেবে, সহকর্মী হিসেবে ও বিভাগের সভাপতি হিসেবে। দায়টা আমার একটু বেশি।’

প্রিয় শিক্ষক সম্পর্কে স্মৃতিচারণা করছেন এক শিক্ষার্থী। ছবি: প্রথম আলো
প্রিয় শিক্ষক সম্পর্কে স্মৃতিচারণা করছেন এক শিক্ষার্থী। ছবি: প্রথম আলো

সমস্যার মধ্যে দিয়ে গেলেও আকতার জাহান কাউকে কখনো বুঝতে দেননি। এ প্রসঙ্গে টেনে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহবুবা কানিজ বলেন, ‘আকতার জাহান এত একাকী ছিলেন, এতটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বুঝতে দেননি। এখন আমার মনে হয়, কেন আমি তাঁকে বুঝলাম না, আর একটু সময় দিলাম না। এই দায়টা আমি এড়াতে পারছি না।’

আকতার জাহানের মৃত্যুর ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন তাঁর এক সময়ের প্রতিবেশী ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি গোলাম সাব্বির সাত্তার। বলেন, ‘এখন আমাদের সবার দায়িত্ব সেই মামলার যথাযথ দেখভাল করা। যাতে প্রকৃত সত্য সবার সামনে উন্মোচিত হয়।’

বোন নেই। কিন্তু বোনের মৃত্যুর সঠিক কারণ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সবাই জানতে পারবেন—এমনটাই আশা করছেন আকতার জাহানের ছোট ভাই কামরুল হাসান। বলেন, ‘আমার বোন মারা গেছেন, তাঁকে আর ফিরে পাওয়া সম্ভব নয়। কিন্তু তাঁর মৃত্যুর কারণ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক যে চিত্র; সেটা সবার সামনে আসবে, এটাই আমি আশা করছি।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ্ আজম বলেন, ‘আমরা কেন আকতার জাহানের অভিমান বুঝতে পারিনি, এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা। এ মৃত্যুতে যদি কোনো প্ররোচনাকারী থাকে, তার বিচার চাই। তিনি শুধু আকতার জাহানকে হত্যা করেনি, সবার স্বপ্নকে হত্যা করেছে।’

সভায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফয়জার রহমান, শিক্ষার্থী রফিকুল ইসলাম, জোবায়দা শিরিন, আতিকুর রহমান, হুসাইন মিঠু প্রমুখ বক্তব্য দেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় বিভাগের সামনে থেকে শোক র‍্যালি বের করা হয়। শিক্ষক-শিক্ষার্থীরা কালোব্যাজ ধারণ করে র‍্যালিতে অংশ নেন। ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় বিভাগের সামনে এসে র‍্যালি শেষ হয়।