প্রিয়জন ছেড়ে তাঁরা ঢাকামুখী
আগামীকাল ঈদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন করতে দলে দলে মানুষ ঢাকা ছাড়ছে। কিন্তু আবদুস ছাত্তার, তোফাজ্জল হোসেন, আবদুল বারীর মতো যাঁরা কসাই, তাঁরা উল্টো প্রিয়জন ছেড়ে ঢাকায় যাচ্ছেন।
তাঁদের মতো বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনেক কসাই প্রিয়জনদের ফেলে কিছু রোজগারের জন্য ঢাকায় যাওয়ার তোড়জোড় শুরু করেছেন। কত আগে ঢাকা পৌঁছা যায়, এ নিয়েই এখন তাঁদের চিন্তা। ঈদের তিন দিন পরে তাঁরা ফিরবেন বলে জানা গেছে।
উপজেলার চার-পাঁচজন কসাইয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা বছর কসাইদের এলাকায় তেমন কোনো চাহিদা নেই। নিজেরাই গরু-ছাগলের মাংস বিক্রি করে কিছু আয় করেন। অনেকে এ মাংস বিক্রির পাশাপাশি নিজের বা বর্গা নেওয়া সামান্য জমি চাষ করেন। তবে কোরবানির ঈদের আগে অবশ্য চিত্রটা পাল্টে যায়। কাজ পাওয়াটা এতটাই বেড়ে যায় যে কাজ নিয়ে তাঁদের হিমশিম খেতে হয়।
এ উপজেলার বাসিন্দা যাঁরা ঢাকায় বসবাস করেন এবং এবার ঈদে যাঁরা ঢাকাতেই কোরবানি দেবেন, তাঁদের অনেকেই এবার এ উপজেলা থেকে গরু-ছাগল কিনে নিয়ে গেছেন। আত্মীয়স্বজন গরু-ছাগল কিনে ট্রাকে করে ঢাকায় পাঠিয়েছেন। এর পাশাপাশি কসাইও এলাকা থেকে নিয়ে যাচ্ছেন। এলাকা থেকে যেসব কসাই ঢাকায় যাচ্ছেন, তাঁরা বেশি রোজগারের আশায় সঙ্গে সহকারীও নিচ্ছেন।
গতকাল বুধবার সকালে উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ১০ থেকে ১২ জনের একদল কসাই ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন। চামড়া ছিলার ধারালো ছোরা আর মাংস কাটার দা ভরা ব্যাগ নিয়ে কাঁধে গামছা ঝুলিয়ে তাঁরা যাচ্ছেন ঢাকা শহরে।
তাঁদেরই একজন আবদুল বারী বলেন, ঢাকা শহরে ঈদের দিন তাঁদের চাহিদা থাকবে প্রচুর। এলাকায় কাজ করে তেমন টাকা পাওয়া যায় না। তাঁরা কয়েকজন কসাই মিলে একসঙ্গে গরু-ছাগল কাটার কাজ করবেন। গরু বা ছাগলের দামের ওপর কাজের মজুরি নির্ধারণ করা হয়। প্রতি এক হাজার টাকার বিপরীতে তাঁরা ১৫০ টাকা নিয়ে থাকেন। বাড়ি ফেরার সময় প্রত্যেকের ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা আয় হয়ে থাকে।
কসাই তারাজুল ইসলাম (৪৫) বলেন, ‘আমরা গরিব মানুষ। কোনোমতে সংসার চলাই। এই রোজগারটুকুর জন্য সারা বছর তাকিয়ে থাকি।’
জহুরুল ইসলাম (৩৫) বলেন, ‘ঈদে মানুষ প্রিয়জনের কাছে ছুটে আসছেন আর আমরা দুইটা টাকা রোজগারের জন্য স্ত্রী-সন্তান ফেলে চলে যাচ্ছি। অনেক খারাপ লাগে। তারপরও টাকার জন্য এ কষ্ট সহ্য করতে হয়।’