প্রিয়জন ভারতের জেলে ফিরে পেতে আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লোভপুর ইউনিয়নের চর হাসানপুর গ্রামের খায়রুল (১০) বাবাকে লিখেছে, ‘প্রিয় বাবা, আমরা সবাই ভালো আছি। তোমার কোনো খবর পাই না আট মাস ধরে। আমরা তোমার অপেক্ষায় আছি, ইতি খায়রুল।’ গত বৃহস্পতিবার সাহাপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে আন্তর্জাতিক রেড ক্রসের নির্ধারিত বার্তা ফরমে এভাবেই বাবাকে ফিরে আসার আকুতি জানায় খায়রুল।তবে খায়রুলের প্রতিবেশীরা জানায়, খায়রুলেরা আসলে ভালো নেই। বাবা নিখোঁজ থাকায় চতুর্থ শ্রেণীর ছাত্র ও পরিবারের বড় ছেলে খায়রুলকে বিদ্যালয় ছেড়ে মাঠে কাজ করতে হচ্ছে। ঘরে আছে তার মা ও ছোট চার বোন। সাহাপাড়া বিদ্যালয়ে উপস্থিত বৃক্ষপ্রেমিক কার্তিক পরামানিক জানান, এলাকায় খায়রুলদের মতো পরিবারের সংখ্যা অনেক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম অনেকেই এখন ভারতের কারাগারে বন্দী কিংবা নিখোঁজ রয়েছে।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অনুসন্ধানে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা, পাঁকা ও দুর্লোভপুর ইউনিয়নের প্রায় ৩০০ মানুষ ভারতের কারাগারে বন্দী আছে। এদের বেশির ভাগই দিনমজুর। ভারতীয় গরু আনার জন্য তারা রাখাল হিসেবে সীমান্তের ওপারে গিয়েছিল। এদের অনেকেই সাজাপ্রাপ্ত হয়ে কারাদণ্ড ভোগ করছে, অনেকের বিচারকাজ চলছে। আবার কারও কারও সাজার মেয়াদ শেষ হলেও কারাভোগ করছে।স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু অভাবের কারণেই নয়, স্বল্প সময়ে অতিরিক্ত টাকা (এক জোড়া গরু আনলে চার-পাঁচ হাজার টাকা) আয়ের জন্য এলাকার মানুষ ভারতে যাচ্ছে। গত পাঁচ বছরে গরু আনতে গিয়ে এলাকার চার-পাঁচ জন মারা গেছে। পদ্মা সাঁতরে গরু আনতে গিয়ে নিখোঁজ রয়েছে তিনজন। মারা গেছে একজন। কিন্তু তবুও ঝুঁকি নিয়ে ভারতে গরু আনতে যাওয়া বন্ধ হচ্ছে না। হাসানপুরের নাজিমুদ্দিন ভারতের কারাগারে বন্দী ছিলেন ১৯ মাস পাঁচ দিন। অথচ তাঁর কারাদণ্ড হয়েছিল এক বছরের। তিনি জানান, ভারতের বহরমপুরের কারাগারে এমন অনেকে আছে, যাদের কারাদণ্ডের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কিন্তু জেল কর্তৃপক্ষ বলছে, ‘তোমাদের সরকার তোমাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা না করলে, আমাদের কিছু করার নেই।’বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেসিং বিভাগের প্রধান ও উপপরিচালক মনোয়ারা সরকার জানান, উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-ঠুটাপাড়া গ্রামের বৃক্ষপ্রেমিক কার্তিক পরমানিক ও কয়েকজনের সহায়তায় ভারতীয় কারাগারে বন্দী এমন ৭৭টি পরিবারের আবেদন পেয়ে বিষয়টি ভারতের রেডক্রস সোসাইটির দিল্লি দপ্তরকে চিঠি দেওয়া হয়। দিল্লি দপ্তর পশ্চিমবঙ্গ রেডক্রস সোসাইটিকে বিষয়টি দেখার দায়িত্ব দেয়। কিন্তু বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গ রেডক্রস সোসাইটি তাদের সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি। এরপর আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির ট্রেসিং সার্ভিস বিভাগের সহায়তা নিয়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ট্রেসিং বিভাগ এই ৭৭টি পরিবারের অনুসন্ধানে নেমে প্রায় ৩০০ জনের খোঁজ পায়। এসব পরিবারের সদস্যরা গত বৃহস্পতিবার সাহাপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে আন্তর্জাতিক রেডক্রসের নির্ধারিত ফরম পূরণ করেছে। এ ফরমে ভারতের কারাগারে বন্দীদের কাছে সংক্ষিপ্ত চিঠি দিয়েছে তাদের নিকটজন। এই ফরমেই বন্দীর জবাব সংগ্রহ করে ফেরত পাঠাবে ভারতীয় রেডক্রস।রেডক্রিসেন্ট সোসাইটির অনুসন্ধান দলের সঙ্গে কাজ করতে আসা আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির কর্মকর্তা শিরিন সুলতানা প্রথম আলোকে জানান, একটি পরিবারের তিন ছেলেই একসঙ্গে ভারতে গিয়েছিল গরু আনার মজুর হিসেবে। দুই ছেলে ফিরে এলেও ১২ বছরের ছোট ছেলেটি আর ফিরে আসেনি। তার খোঁজও পাওয়া যাচ্ছে না।