প্রিয়জন মাদকাসক্ত হলে ধৈর্য হারাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডির ডব্লিউভি​এ মিলনায়তনে গতকাল প্রথম আলো ট্রাস্ট আয়োজিত ‘আসুন মাদকমুক্ত থাকি’ শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়৷ বাঁ থেকে চিকিৎ​সক মো. জিল্লুর রহমান খান, মো. জোবায়ের মিয়া, মোহিত কামাল, মেখলা সরকার, মো. রাহেনুল ​ইসলাম ও আহমেদ হেলাল l ছবি: প্রথম আলো
রাজধানীর ধানমন্ডির ডব্লিউভি​এ মিলনায়তনে গতকাল প্রথম আলো ট্রাস্ট আয়োজিত ‘আসুন মাদকমুক্ত থাকি’ শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়৷ বাঁ থেকে চিকিৎ​সক মো. জিল্লুর রহমান খান, মো. জোবায়ের মিয়া, মোহিত কামাল, মেখলা সরকার, মো. রাহেনুল ​ইসলাম ও আহমেদ হেলাল l ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে মনোরোগ বিশেষজ্ঞরা উপস্থিত পরামর্শ নিতে আসা অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তান বা প্রিয়জন মাদকাসক্ত হলে গোপন করবেন না। তাঁকে ঘৃণা করবেন না। ধৈর্য হারাবেন না। একই সঙ্গে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য কিছু পরামর্শ দেন তাঁরা।

প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী পরামর্শ সহায়তার ৮৮তম এই অনুষ্ঠান। প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি এবং তাঁদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক মোহিত কামাল, সহযোগী অধ্যাপক আহমেদ হেলাল, মো. জিল্লুর রহমান খান, মেখলা সরকার, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া ও কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের আবাসিক চিকিৎসক মো. রাহেনুল ইসলাম।

চিকিৎসকেরা বলেন, মাদকাসক্তি থেকে যাঁরা ফিরেছেন তাঁদের উদ্দেশে তিনটি পরামর্শ—সময়, স্থান ও ব্যক্তি পরিহার করতে হবে। অর্থাৎ যে সময়ে মাদক গ্রহণ করতেন, সেই সময়ে মাদক নেওয়ার ইচ্ছা জাগতে পারে। যেখানে বসে মাদক নিতেন, সেখানে গেলে মাদক নেওয়ার ইচ্ছা হতে পারে। যে ব্যক্তি বা বন্ধুর মাধ্যমে মাদক নিতেন, সেই ব্যক্তিকে দেখলেও মাদক নেওয়ার ইচ্ছা হতে পারে। তাই সময়, স্থান, ব্যক্তি পরিহার করতে হবে।

সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, কখন ফিরছে—প্রতিটি বিষয়ে বাবা-মাকে খোঁজখবর রাখার পরামর্শ দিয়ে তাঁরা বলেন, সন্তানদের সঙ্গে এমন সম্পর্ক গড়তে হবে, যাতে তাঁরা বাবা-মাকে সবকিছু খুলে বলতে পারে। রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে প্রতি বুধবার বেলা ১১টায় অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মাদকাসক্তি ক্লিনিকে ১০ টাকা টিকিটের বিনিময়ে সেবা পেতে পারেন।

প্রথম আলো ট্রাস্ট প্রতি মাসে মাদকাসক্ত ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে একটি পরামর্শ সহায়তা অনুষ্ঠানের আয়োজন করে। মাদকাসক্ত ব্যক্তির সঙ্গে একান্তে কথা বলে চিকিৎসকেরা ব্যবস্থাপত্র দেন। চিকিৎসকেরা প্রত্যেক ব্যক্তিকে ১২-১৫ মিনিট করে সময় দেন। +০২-৯১২১২২৩ নম্বরে (বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) কল করে নাম অন্তর্ভুক্ত করে বা অনুষ্ঠানে সরাসরি হাজির হয়েও বিনা মূল্যে এ সেবা নেওয়া যায়। পরবর্তী পরামর্শ সহায়তা সভা হবে আগামী ২৩ ডিসেম্বর বিকেল চারটায় ডব্লিউভিএ মিলনায়তনে।