প্রিয়মুখের খোঁজে শিশুটি

দেখেই ছ্যাঁত করে উঠল বুকটা। কচিমুখ। নিষ্পাপ চাহনি। কান্নাজুড়ে মায়াভরা আকুতি। নাদুসনুদুস শিশুটি দেখেই বুকে জড়িয়ে ধরার তীব্র আকাঙ্ক্ষা জাগে। ভাঙা পা নিয়ে যন্ত্রণায় ছটফট করছে ছোট্ট দেহখানি। ব্যান্ডেজে বাঁধা পা দুটো লোহার দণ্ডের সঙ্গে ওপরে টানা দেওয়া।
হাসপাতালের নথিতে শিশুটির বয়স আড়াই বছর উল্লেখ করা হয়েছে। তবে প্রকৃত বয়স হয়তো তারও কম। মায়াভরা চোখে কাউকে দেখলেই আপনজনকে খুঁজে পাওয়ার তাড়না। তার কোমল কণ্ঠে ভেসে ওঠে ‘আম্মু আম্মু’ ডাক।
কিন্তু শিশুটি জানে না, ওর মা আর কখনোই ফিরে আসবে না। ৫ জুলাই দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাঁটাখালী সেতুসংলগ্ন হাওয়াখানা নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। তখন অজ্ঞাতপরিচয় এক নারী ও তাঁর কোলে থাকা কন্যাশিশু গুরুতর আহত হয়। স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মাকে মৃত ঘোষণা করেন। আর শিশুটিকে পাঠিয়ে দেওয়া হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।
দেড় দিনেও নিহত নারীর পরিচয় না মেলায় রোববার রাতে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করলে তারা বেওয়ারিশ হিসেবে লাশটি দাফন করে। গতকাল দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের অর্থোপেডিক বিভাগের (শিশু) ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছে শিশুটির। যন্ত্রণায় ছটফট করছে। কোনো নারীকে দেখলেই ‘আম্মু আম্মু’ বলে ডাকছে। আরজিনা বেগম নামের এক নারী তার দেখাশোনা করছেন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক রেজাউল আলম জানান, শিশুটির বাঁ ঊরুর হাড় ভেঙে গেছে। হাড় জোড়া দিতে দুই পা প্লাস্টার করে ওপরে টানা দেওয়া হয়েছে। তিন সপ্তাহ এভাবেই চিকিৎসা চলবে। এরপর আবার প্লাস্টার দেওয়া হবে।
পশ্চিমাঞ্চল হাইওয়ে পুলিশের বগুড়ার পুলিশ সুপার ঈসরাইল হাওলাদার জানান, বিভিন্ন গণমাধ্যমে শিশুটির ছবি পাঠানো হয়েছে। শেষ পর্যন্ত স্বজনদের পাওয়া না গেলে আদালতের মাধ্যমে শিশুটির ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।