প্রীতি ভলিবল প্রতিযোগিতা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
পয়লা বৈশাখ উপলক্ষে কৃতী খেলোয়াড়দের এই পুনর্মিলনীর আয়োজন করেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ। তিনি সাদা দলের নেতৃত্ব দেন। অপরদিকে লাল দলের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুর রাজ্জাক। লাল দল দুই শূন্য সেটে সাদা দলকে পরাজিত করেছে।
এতে অংশ নেন সত্তরের দশকে জাতীয় ভলিবল দলের খেলোয়াড় মঞ্জুর কাদির এবং সত্তর ও আশির দশকে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার কৃতী ভলিবল খেলোয়াড় আবদুল ওয়াহেদ জোয়ার্দ্দার, গোলাম নবী, আবদুল মান্নান, মোক্তার আলী, আলী হোসেন, গোলাম রসুল, আনোয়ার হোসেন, ইছহাক আলী, শরিফুল ইসলাম, আবদুল লতিফ, মুক্তার হোসেন, জাহাঙ্গীর হোসেন, জহির রায়হান, রশীদ আলী, মোসতাক আহমেদ প্রমুখ।
ঝিনাইদহের সাবেক উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে ২৫ থেকে ৩০ বছর পর অনেকের সঙ্গে দেখা হলো।
আয়োজক নওরোজ মোহাম্মদ জানান, একসময় ভলিবলের মাঠ কাঁপানো এই খেলোয়াড়েরা এখন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। নববর্ষকে ঘিরে অনেকেই এলাকায় এসেছেন।