প্রীতি সমাবেশে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ১৬ বছর পূর্তির প্রীতি সমাবেশে খুদে শিল্পীদের নিয়ে বাপ্পা মজুমদার গাইছেন মূলভাবনা নিয়ে গান l ছবি: প্রথম আলো
প্রথম আলোর ১৬ বছর পূর্তির প্রীতি সমাবেশে খুদে শিল্পীদের নিয়ে বাপ্পা মজুমদার গাইছেন মূলভাবনা নিয়ে গান l ছবি: প্রথম আলো

বেলা গড়ালে এখন রোদে উত্তাপ থাকে না। সন্ধ্যার আবছায়াও নেমে আসে দ্রুত। হাওয়ায় শীতের আমেজ। গতকাল শুক্রবার ছুটির দিনে হেমন্তের বেলা শেষে অতিথিরা একে একে আসছিলেন সোনারগাঁও হোটেলের ওয়েসিস চত্বরে। সুইমিং পুলের পাশে সবুজ ঘাস বিছানো চত্বরটি রঙিন আলো আর মনোরম সজ্জায় সাজানো হয়েছিল উৎসবের সাজে। প্রথম আলোর ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার এখানে আয়োজন করা হয়েছিল প্রীতি সমাবেশ।
মন্ত্রী, সাংসদ, বিদেশি অতিথি, রাজনীতিক, কূটনীতিক, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সরকারি-বেসরকারি পদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবিদসহ সব ক্ষেত্রের প্রতিনিধিস্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রথম আলোর শুভানুধ্যায়ীরা হৃদ্যতায় উষ্ণ এই প্রীতি সমাবেশে অংশ নেন।
আনুষ্ঠানিকতা বলতে তেমন বিশেষ কিছু ছিল না। মূলত আমন্ত্রিত অতিথিরা তাঁদের ঘনিষ্ঠজনের সঙ্গে কুশলাদি বিনিময় করে আড্ডা-আলোচনায় সন্ধ্যাটি কাটিয়েছেন হালকা খাবার হাতে করে। সন্ধ্যা উতরে গেলে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক মঞ্চে অতিথিদের স্বাগত জানান। তিনি জানালেন, ‘যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো’ এই ভবনা নিয়ে ১৬ বছরের যাত্রায় প্রথম আলো মানুষের সব ভালো কাজ, উদ্যোগ, আয়োজনের সঙ্গে একাত্ম হয়ে সেগুলো তুলে ধরেছে। বলেছে, নিজেকে বদলে নিয়ে যা অশুভ, অকল্যাণকর তা বদলে দেওয়ার কথা। আশ্বাস জাগিয়েছে ‘পথ হারাবে না বাংলাদেশ’ এই প্রত্যয়ে। এবার ১৬ বছরপূর্তির আয়োজনে প্রথম আলো বলছে, আগামী দিনের পৃথিবীকে বাংলাদেশিদের জয় করে নেওয়ার কথা। এই সংকল্প পথে প্রথম আলোর নির্ভয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে তিনি অতিথিদের আমন্ত্রণ জানান দেশের গান শুনতে।
তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদারের সংগীত আয়োজনে কনা, কোনাল, এলিটা, পারভেজ ও হাসান আবিদুর রেজা জুয়েল গেয়ে শোনান ‘জন্ম আমার ধন্য হলো’, ‘ধন ধান্য পুষ্প ভরা’ ও ‘দুর্গমগিরি কান্তার মরু’ গান তিনটি। এরপর প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান সমবেত অতিথিদের স্বাগত জানিয়ে প্রীতি সমাবেশে উপস্থিতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘একটি দৈনিক পত্রিকাকে প্রতিদিন সকালে পাঠকের কাছে পরীক্ষা দিতে হয়। পাঠক তার কষ্টার্জিত অর্থে পত্রিকা কিনে সেখানে সত্যের প্রকাশ দেখতে চান, বস্তনিষ্ঠ সংবাদের উপস্থাপনা পেতে চান।
লতিফুর রহমান বলেন, প্রথম আলো গত ১৬ বছরে নানা প্রতিকূলতা মোকাবিলা করে সত্যের প্রকাশে, বস্তুনিষ্ঠতায় অবিচল থেকেছে বলেই বিপুল পাঠকপ্রিয়তা লাভ করেছে। দেশের শীর্ষ বাংলা পত্রিকার আসনে পৌঁছাতে পেরেছে। প্রথম আলো ভবিষ্যতেও এই নীতিতে অবিচল থাকেব। তিনি প্রথম আলোর সব পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী ও কর্মীদের ধন্যবাদ জানান।
এরপর দেখানো হয় আলোর ফেরিওয়ালা নামের একটি প্রামাণ্যচিত্র। রাজশাহীর পলান সরকার এখন শুধু বাংলাদেশেই নন, পরিচিতি লাভ করেছেন বিদেশেও। গ্রামে গ্রামে পায়ে হেঁটে নিজের অর্থে কেনা বই বিতরণ করে চলেছেন ৯৩ বছর বয়সী এই মানুষটি। প্রামাণ্যচিত্রটি তাঁকে নিয়েই। পলান সরকারের কাহিনি প্রথম আলোয় প্রথম প্রকাশিত হয়েছিল ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি। নিভৃতচারী এই মানুষটির কাজে আলোড়ন পড়ে যায় সারা দেশে। সরকার তাঁকে ২০১১ সালে সম্মানিত করে একুশে পদক দেয়। তিনি পদক পেয়েই এসেছিলেন প্রথম আলো কার্যালয়ে। প্রথম আলোতে প্রকাশিত পলান সরকারের কাহিনিটি ‘ইমপ্যাক্ট জার্নালিজম’ এর অংগ্রহণকারী দেশগুলোর প্রধান প্রধান পত্রিকায় বিশেষ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।
প্রথম আলোর বর্ষপূতির প্রীতি সমাবেশে আমন্ত্রিত হয়ে এসেছিলেন এই নবতিপর মানুষটিও। তাঁর নাম ঘোষণার পরপর যখন পলান সরকার উঠে দাঁড়ান অতিথিরা বিপুল করতলি দিয়ে তাঁকে অভিনন্দনে সিক্ত করেন।

প্রীতি সমাবেশে (বাঁ থেকে) পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল​মগীর, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, পলান সরকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও এম কে আনোয়ার l প্রথম আলো
প্রীতি সমাবেশে (বাঁ থেকে) পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল​মগীর, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, পলান সরকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও এম কে আনোয়ার l প্রথম আলো

এরপর মঞ্চে আসেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনিও সবাইকে অভিনন্দন জানিয়ে বক্তব্যের শুরুতেই এই মিলনমেলায় অংশ নেওয়া বিদেশি অতিথিদের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন। এবার ভারত, পাকিস্তান, কাতার, ওমান ও মিসর থেকে ১৫ জন অতিথি এসেছেন প্রথম আলোর আমন্ত্রণে। তাঁদের মধ্যে আছেন ভারতের প্রবীণ সাংবাদিক কুলদীপ নায়ার, সাংবাদিক এম জে আকবর, পাকিস্তানের জিও টিভির সাংবাদিক হামিদ মীর, মিসরের আল আহরাম পত্রিকার কামাল আলি গাবালা ইউনুস, কাতারের দার আল শারক এর নিগাল ক্লিফটন নরানহা, ভারতের পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য সাইয়েদা হামিদ, টাইমস্ অব ইন্ডিয়ার (দিল্লি) এডিটর রঞ্জন রায়, আনন্দবাজার পত্রিকার অনির্বাণ চট্টোপাধ্যায়, রোমভিত্তিক ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল’ অরগানাইজেশনের মহাব্যবস্থাপক আইরিন খান, টাইমস অব ওমান ও আল শাবিহার ডিজাইন পরিচালক অ্যাদোনিস দুরাদো, মাওলানা আবুল কালাম আজাদ অব এশিয়া স্টাডিজের পরিচালক শ্রীরাধা দত্ত, শিলং টাইমস এর সম্পাদক মানস চৌধুরী, অসমীয়া প্রতিদিন পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক কঙ্কন আচার্য্য, আসামের টাইসম নাউ টিভির কনসাল্টিং এডিটর ওয়াজবির হুসাইন, ত্রিপুরার দৈনিক সংবাদ এর প্রদীপ দত্ত ভৌমিক।
মতিউর রহমান তাঁর বক্তৃতায় প্রথম আলোর ১৬ বছরের কর্মপ্রবাহ ও সাফল্যের উল্লেখ করে বলেন, ‘আমরা অকুণ্ঠ চিত্তে অন্যায়ের প্রতিবাদ করি। স্বাধীন, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী থাকা—এসবই আমাদের শক্তি। আর আমাদের শক্তি হলো বিশ্বজুড়ে প্রথম আলোর পাঠকেরা। অনলাইনে ২১০টি দেশে প্রথম আলো পড়েন বাঙালিরা। রোজ ছাপা কাগজের পাঠক ছাড়িয়ে গেছে ৬০ লাখ। প্রথম আলো ডটকম এখন বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট।
মতিউর রহমান বলেন, প্রথম আলো যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি বাংলাদেশও দ্রুত মধ্যম আয়ের দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। বঙালি তার মেধা, মনন, সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সামনের অমিত সম্ভাবনাকে বাস্তবায়ন করে চলেছে। মানুষের বিশেষত তরুণ প্রজন্মের অগ্রগতির সম্ভাবনাকে প্রেরণা দিয়ে আগামী দিনে নিজের অবস্থান সুদৃঢ় করতে তাদের সহায়তা দিতে চায় প্রথম আলো। তাই এবার বর্ষপূতির মূল ভাবনা নির্ধারণ করা হয়েছে ‘কালকের পৃথিবীটা আমাদের হবে’।
এরপর পর্দায় ভেসে ওঠে বাপ্পা মজুমদার এক ঝাঁক খুদে গাইয়ে নিয়ে গাইছেন ‘কালকের পৃথিবীটা আমাদের হবে।’ বিজ্ঞাপন চিত্রপ্রদর্শনীর পর তিনি স্বয়ং মঞ্চে এসে সেই খুদে সঙ্গীদের নিয়ে গেয়ে শোনান গানটি।
আনুষ্ঠানিকতা পর্ব এখানেই শেষ। হালকা খাবারের সঙ্গে প্রাণখোলা আলাপচারিতা চলল আরও অনেকটা সময় ধরে।