প্রীতির স্বজনদের মানববন্ধন, বিচার দাবি
ট্রেনে পাথর ছুড়ে মানুষ হত্যার প্রতিবাদে আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরের প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করা হয়েছে। ১০ আগস্ট ছোড়া পাথরের আঘাতে নিহত প্রকৌশলী প্রীতি দাশের স্বজন ও বন্ধুরা এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে প্রীতির স্বজন ও বন্ধুরা হত্যাকাণ্ড বন্ধে ১১ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে প্রীতির হত্যাকারীকে দ্রুত বিচারের আওতায় আনা, পুলিশি ব্যবস্থা জোরদার করা, ট্রেনে জরুরি চিকিত্সক দল রাখা, দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোতে অধিক নিরাপত্তা দেওয়ার দাবি রয়েছে।
এসব দাবি তুলে ধরে প্রীতি দাশের স্বামী মিন্টু দাশ বলেন, ‘আর কেউ যেন এই নির্মমতার স্বীকার না হয়। আর কোনো স্বপ্ন যেন এভাবে ভেঙে না যায়।’
প্রীতির বাবা দিলীপ দাশ মেয়ের বেড়ে ওঠার স্মৃতিচারণা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি তাঁর মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এর আগে মানববন্ধনে প্রীতির বন্ধু, স্বজন ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তাঁরা বিভিন্ন ব্যানার-ফেস্টুনে ট্রেনে পাথর ছুড়ে মারা বন্ধের দাবি জানান। এ সময় বক্তব্য দেন সিটি করপোরেশনের নারী কাউন্সিলর ফেরদৌস বেগম, প্রীতির শ্বশুর সুকুমার দাশ, বন্ধু মশিউর রহমান, ভুক্তভোগী ইছা রুহুল উল্লাহ প্রমুখ।