প্রীতিলতা ব্রিগেডের লাঠি মিছিল, কাল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে রাজধানীতে লাঠি মিছিল করেছে প্রীতিলতা ব্রিগেড। এ ছাড়া ঢাকার তেজগাঁও কলেজ ও মতিঝিল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আজ শনিবার কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন।
একই দাবিতে আগামীকাল রোববার সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালিত হবে। কাল থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই কর্মসূচির বাইরে থাকবে।

আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে লাঠি মিছিল করে ‘প্রীতিলতা ব্রিগেড’। গত বছর পহেলা বৈশাখে বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত নারী লাঞ্ছনার প্রতিবাদে ‘পাল্টা আঘাত’ ব্যানারের কর্মসূচি থেকে এই ব্রিগেড করার ডাক দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার। প্রায় এক বছর পর এই ব্রিগেডের প্রথম কর্মসূচি পালিত হলো।
প্রীতিলতা ব্রিগেডের ব্যানারে বিভিন্ন ছাত্র সংগঠনের নারী প্রতিনিধিরাও অংশ নেন। এ সময় নারী নেত্রী ও কর্মীরা লাঠি হাতে রাজু ভাস্কর্য থেকে মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।
এ সময় প্রীতিলতা ব্রিগেডের পক্ষ থেকে ৮ এপ্রিল নারীদের আত্মরক্ষার কিছু কৌশল শেখানোর ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণা দিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেন, যেখানে রাষ্ট্র ধর্ষকদের মদদ দেয়, নারীদের নিরাপত্তা দেয় না, সেখানে নিজেদের আত্মরক্ষার কৌশল শেখা ছাড়া কোনো উপায় নেই। আগামী শুক্রবার রাজু ভাস্কর্যের সামনে নারীদের আত্মরক্ষার কৌশল শেখানো কর্মসূচি শুরু করবে।
এ ছাড়া, আগামীকালের ধর্মঘটের সমর্থনে আজ বাংলাদেশ ছাত্র ফেডারেশন মশাল মিছিল করেছে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে কেন্দ্রীয় গণগ্রন্থাগার হয়ে আবার টিএসসিতে গিয়ে শেষ হয়। ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক বলেন, শাসকদের রাজনৈতিক প্রভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং বিচারহীনতার সংস্কৃতি জনগণের সার্বিক নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে ফেলেছে। সারা দেশে ধর্ষণ, হত্যা, সন্ত্রাস, লুটপাটের ঘটনা দিন দিন বেড়েই চলছে। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা চার ঘণ্টার মতো শাহবাগ অবরোধ করলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে যোগ দেয়। এ সময় পরবর্তী কর্মসূচি হিসেবে আগামীকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়। প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের পক্ষ থেকে এই ধর্মঘটে সমর্থন দেওয়া হয়। এই দুই জোটভুক্ত একাধিক ছাত্র সংগঠনের সভাপতি ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছেন, কাল থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই কর্মসূচির বাইরে থাকবে। এই পরীক্ষা ছাড়া সারা দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা হবে না।