প্রীতিলতার আত্নাহুতি দিবস পালিত

চট্টগ্রামের পটিয়া উপজেলার নিজগ্রাম ধলঘাটে গতকাল বুধবার নানা আয়োজনে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮২তম আত্নাহুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সকালে বীরকন্যা প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত তাঁর আবক্ষমূর্তিতে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট, পটিয়া পৌরসভা, পটিয়া গৌরব সংসদ, পটিয়া প্রেসক্লাব, বীরকন্যা প্রাথমিক বিদ্যালয়, শিশু কানন বিদ্যানিকেতন ও ধলঘাট কিশোর-কিশোরী ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিলতার নামে নাটক মঞ্চস্থ করা হয়।
বীরকন্যা প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ।
পংকজ চক্রবর্তী প্রীতিলতার চেতনাকে ধারণের লক্ষ্যে রাষ্ট্রীয় উদ্যোগে তাঁর স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ এবং জম্ম ও আত্মাহুতি দিবস পালনের আহ্বান জানান। এ ছাড়া বীরকন্যা প্রীতিলতার নামে প্রতিশ্রুত সাংস্কৃতিক ভবন নির্মাণের জন্য আর্থিক বরাদ্দ দিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিও আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র প্রীতিলতার সংগ্রামী চেনতাকে ধারণ করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।