প্রীতিলতার জন্ম শতবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অগ্নিপুরুষ মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মশতবার্ষিকী আজ ৫ মে বৃহস্পতিবার। এ উপলক্ষে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আজ বিকেলে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। এ ছাড়া বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে বছরব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এই মহীয়সী নারীর স্মৃতি ধরে রাখতে পটিয়া-বোয়ালখালী সড়কের নাম আজ ‘প্রীতিলতা সড়ক’ নামকরণ করা হচ্ছে। ৪ এপ্রিল যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের উপসচিব শাহ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। মাস্টারদা সূর্য সেনের নির্দেশ পেয়ে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে বীরাঙ্গনা প্রীতিলতা্র সামরিক পোশাকে আরও কয়েকজন দেশপ্রেমিক বিপ্লবীকে নিয়ে পাহাড়তলী ইউরোপীয় ক্লাবে ইংরেজদের ওপর আক্রমণ করেন। সফল অপারেশনের পর ফেরার পথে হঠাৎ একটি গুলি এসে বিঁধে তাঁর বুকে। পরে ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় নিজের পকেটে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন এই বীরাঙ্গনা। চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে ১৯১১ সালের ৫ মে তাঁর জন্ম। বাবা জগদ্বন্ধু ওয়াদ্দেদার ছিলেন চাকরিজীবী। আর মা প্রতিভা ওয়াদ্দেদার ছিলেন একজন সমাজকর্মী ও গৃহিণী। চট্টগ্রাম খাস্তগীর উচ্চবিদ্যালয়ের মেধাবী ছাত্রী প্রীতিলতা ১৯২৭ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। এরপর ঢাকা ইডেন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করে কলকাতার বেথুন কলেজ থেকে দর্শন শাস্ত্রে ডিস্টিংশনসহ স্নাতক শেষ করেন। ১৯৩২ সালে চট্টগ্রামের নন্দনকানন অপর্ণাচরণ মধ্য-ইংরেজি বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।