ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষণ রুখে দিতে মাস্টারদা সূর্যসেন ও প্রীতিলতা জীবন উৎসর্গ করেছেন। আজ ইংরেজ নেই, তবু সমাজে অন্যায়, শোষণ-বঞ্চনা কমেনি। অন্যায় আর শোষণের বিরুদ্ধে প্রীতিলতার জীবন ও সংগ্রাম আগামী দিনে লড়াইয়ের প্রেরণা জোগাবে। ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৪তম আত্মাহুতি দিবসে গতকাল শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
নগরের পাহাড়তলীতে প্রীতিলতা ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর প্রীতিলতার নেতৃত্বে পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন বিপ্লবীরা। ওই অভিযানে শত্রুর গুলিতে আহত হন প্রীতিলতা। পরে বিষ পান করে তিনি আত্মাহুতি দেন।
গতকাল পাহাড়তলীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চট্টগ্রাম নগর শাখার সভাপতি আল কাদেরী। বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা নুরুল হুদা, আকরাম হোসেন, হেফাজ চৌধুরী, চিকিৎসক আসিফ খান, ছাত্র ফ্রন্ট নেতা সাদিয়া লাকী, নাজিম উদ্দিন, আহমেদ কায়সার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নগর শাখার সাধারণ সম্পাদক পার্থ প্রতীম নন্দী।
আলোচনা সভায় বক্তারা অগ্নিযুগের বিপ্লবীদের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং পাহাড়তলী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়কে (তৎকালীন পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব) প্রীতিলতা স্মৃতি জাদুঘর ঘোষণা করার দাবি জানান। অনুষ্ঠান শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সদস্যরা গান শোনান ও কবিতা আবৃত্তি করেন।
প্রীতিলতার জন্মস্থান পটিয়ার ধলঘাট গ্রামে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট। দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী। বক্তব্য দেন ট্রাস্টের সদস্য অরুণ বিকাশ চৌধুরী, অজিত দাশ, বিজয় ঘোষ, মোহাম্মদ আলী, লঘুনাথ চক্রবর্তী, সাংবাদিক আবদুর রাজ্জাক, ধলঘাট শিশুকানন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণা চক্রবর্তী, শিক্ষক নিহার বালা দে, শিপ্রা দেব প্রমুখ।
আলোচনা সভার আগে প্রীতিলতার আবক্ষমূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করেন প্রীতিলতা ট্রাস্ট, ধলঘাট ইউনিয়ন পরিষদ, স্থানীয় আওয়ামী লীগ ও বাসদের নেতারা।