প্রীতিলতার জীবনকাহিনি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের দাবি
বীরকন্যা প্রীতিলতার জীবনকাহিনি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। গতকাল বৃহস্পতিবার প্রীতিলতার জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা থেকে সরকারের কাছে এ দাবি জানানো হয়।শহীদ মিনার চত্বরে গতকাল বিকেল তিনটায় প্রীতিলতার জীবনকাহিনি নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শনীর পর আলোচনা সভা হয়। প্রীতিলতার বীরত্বগাথা প্রচারে পাঠ্যপুস্তকে তাঁর জীবনকাহিনি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মুক্তির জন্য ভারতীয় নারীদের প্রতিনিধিত্ব করেছিলেন প্রীতিলতা। মুক্তিকামী মানুষের নিকট বীরকন্যা হিসেবে ইতিহাসে তিনি অমর। অথচ এই বিপ্লবীর জন্ম, কর্ম, সংগ্রাম, আত্মদান—কিছুই নতুন প্রজন্মের জানা নেই।তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশাত্মবোধকে জাগিয়ে রাখতে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে প্রীতিলতার জীবনী অন্তর্ভুক্ত করতে হবে।