প্রীতিলতার ভাস্কর্য উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী রেলওয়ে স্কুলের সামনে স্থাপিত বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দাদারের আবক্ষ ভাস্কর্য গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। ভাস্কর্যটি উন্মোচন করেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম।বীরকন্যা প্রীতিলতার ৮০তম আত্মাহুতি দিবস পালন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করেছে। সিটি করপোরেশন ভাস্কর্য নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছে। জায়গা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বীরকন্যা প্রীতিলতার ৮০তম আত্মাহুতি দিবস পালন কমিটি গতকাল ভাস্কর্য এলাকার সামনে পাহাড়তলী রেলওয়ে হাসপাতাল মাঠে আয়োজন করে আলোচনা, প্রীতিলতার জীবনের ওপর তথ্যচিত্র প্রদর্শনী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘বীরকন্যা প্রীতিলতার ভাস্কর্য স্থাপন করতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি। স্বাধীনতার সূচনালগ্নে যাঁরা দেশের জন্য জীবন বাজি রেখেছেন, তাঁদের অবদান সবার সামনে নিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি।’ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক জামাল নজরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক আবুল মনসুর, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক মানস নন্দী, বীরকন্যা প্রীতিলতার ৮০তম আত্মাহুতি দিবস পালন কমিটির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আরা আলীম, পাহাড়তলী রেলওয়ে স্কুলের প্রধান শিক্ষক শামসুল হুদা প্রমুখ। সভাপতিত্ব করেন প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন আত্মাহুতি দিবস পালন কমিটির সদস্যসচিব ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে রক্তকরবী, প্রমা, বোধন, উদীচী ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র। উল্লেখ্য, ব্রিটিশবিরোধী সংগ্রামে প্রথম নারী শহীদ প্রীতিলতা ৮০ বছর আগে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে ফেরার পথে আহতাবস্থায় ইংরেজদের হাতে ধরা না দিয়ে পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন।