প্রীতিলতার ৭৯তম আত্মাহুতি দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী আন্দোলনের নায়ক মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৭৯তম আত্মাহুতি দিবস আজ শনিবার। এ উপলক্ষে তাঁর নিজ গ্রাম চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাটে প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় তাঁর আবক্ষমূর্তিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ইত্যাদি।প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তী বলেন, প্রীতিলতা তাদের গর্ব। এবপরও তাঁকে মূল্যায়ন করা হয় না। গত ১৬ বছর ধরে প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে পরিচালিত বীরকন্যা প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয়টি সরকারি করার চেষ্টা চললেও এখন পর্যন্ত নিবন্ধই পায়নি। তবে দুই বছর ধরে সরকারিভাবে বই পেয়ে আসছে শিক্ষার্থীরা। উপবৃত্তি না পাওয়ায় এ এলাকার শিক্ষার্থীরা অন্য বিদ্যালয়ে চলে যাচ্ছে। তবে গত বছর সাংসদ সামশুল হক চৌধুরীর এক লাখ ৪০ হাজার টাকার অনুদান দিয়ে গর্ত ও জলাবদ্ধতাপূর্ণ মাঠটি ভরাট করা হয়েছে। ২০০৫ সালে বিদ্যালয়ের মাঠে প্রীতিলতার একটি আবক্ষমূর্তি নির্মাণ করা হয়। চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে গত বছর বিদ্যালয়ের মাঠের দুদিকে প্রাচীর ও একটি প্রীতিলতা-তোরণ নির্মাণ করা হয়। এ ছাড়া তাঁদের সংগ্রামের ফলে গত ৪ এপ্রিল সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর পটিয়া-বোয়ালখালী সড়কটি প্রীতিলতার নামে নামকরণ করে। কিন্তু এখনো তা সরকারিভাবে উদ্বোধন হয়নি। তিনি সরকারিভাবে প্রীতিলতা দিবস পালন এবং তাঁর স্মৃতি রক্ষার্থে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়নের জন্য সরকারি সহযোগিতা চান।