প্রীতিলতায় সুরের মূর্ছনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন শিক্ষার্থীরা
বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন শিক্ষার্থীরা

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আলোকিত হয়ে উঠল প্রীতিলতা হলের চারপাশ। জমকালো সাজে সাজানো হয়েছিল হলের প্রতিটি কোণ। সন্ধ্যা সাতটা বাজতেই হলের টেনিস কোর্ট ভরে গেল কানায় কানায়। নাচ, গান আর সুরের মূর্ছনা চলল ভোর অবধি। ৬ সেপ্টেম্বর শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হলের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয় আয়োজনের প্রথম পর্ব। মুক্তিযুদ্ধে শহীদদের জন্য নীরবতা পালনের পর মঞ্চে স্বাগত বক্তব্য দিতে আসেন অনুষ্ঠানের আহ্বায়ক এবং প্রীতিলতা হলের আবাসিক শিক্ষক নাহিদ সুলতানা। মানপত্র পাঠ ও গ্রহণ করেন মাহবুবা জাহান এবং সানজিদা জিনিয়া। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন নাফসুন রহমান। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ বক্তব্য দেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী ও প্রীতিলতা হলের প্রভোস্ট মো. মাহবুবুল হক। এরপর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিদায়ীদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আলমগীর চৌধুরী, সব আবাসিক হলের প্রভোস্ট, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। আলোচনা সভার পর ছিল শিক্ষার্থীদের পরিবেশনায় দলীয় গান ও নাচ। এ ছাড়া আদিবাসী শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল মারমা নাচ।
টুম্পা ও শ্রাবণীর একক গানের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক আয়োজনের দ্বিতীয় পর্ব। বাংলা ও হিন্দি গানের রিমিকের সঙ্গে হলের মেয়েদের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। অনুষ্ঠান আরও জমিয়ে তোলার জন্য ছিল রম্য নাটক এবং বিজ্ঞাপন বিরতি।
সুস্মিতার কণ্ঠে ‘ধন্য ধন্য বলি তারে’ লালনগীতি সকলের মন ছঁুয়ে যায়। এরপর প্রয়াত সালমান শাহকে স্মরণ করে তাঁর জনপ্রিয় কয়েকটি সিনেমার গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। এরপর ছিল মনোমুগ্ধকর ফ্যাশন শো ও গ্যাংনাম নাচ।
রাত তিনটায় মঞ্চে আসে ব্যান্ড দল এইচআরবি। ‘সেই তুমি’, ‘মিরাবাঈ’, ‘সামার অব সিক্সটি নাইনসহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন এই ব্যান্ড দলের সদস্যরা। ‘গ্রামের নওজোয়ান’ গানটির মধ্য দিয়ে যখন এই মনোমুগ্ধকর আয়োজনের পর্দা নামে, তখন ভোরের আলো ফুটেছে চারদিকে।
প্রীতিলতা হলের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শামসুননাহার হলেও এ ধরনের আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নার্গিস আকতার।
কেমন লেগেছে অনুষ্ঠান? প্রশ্ন করতেই হলের শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, ‘মেয়েরা যে এত সুন্দর পারফর্ম করতে পারে, তা চিন্তাও করিনি, খুব উপভোগ করলাম।’