একটি সংবাদপত্র থেকে প্রথম আলো আজ হয়ে উঠেছে বৃহত্তম বাংলা গণমাধ্যম। মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে প্রথম আলো এখন দেশে-বিদেশে বাঙালির সবচেয়ে নির্ভরযোগ্য ও জনপ্রিয় বাংলা গণমাধ্যম। ৪ নভেম্বর ছিল প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই দিন থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে প্রতিষ্ঠানটি। আজ শনিবার রাজধানীর পাঁচতারকা র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজন করা হয় প্রীতিসম্মেলনীর।
আলোর সাথে ভালোর পথে চলব
মঞ্চে এসেছেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। আলোর সাথে আমরা থাকব, ভালোর পথে আমরা চলব, এই অঙ্গীকারের মধ্য দিয়ে মঞ্চের পরিবেশনা শেষের ঘোষণা দেন আনিসুল হক।
আমার মুক্তি আলোয় আলোয়
'আমার মুক্তি আলোয় আলোয়' রবীন্দ্র সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশনা করছেন পূজা সেনগুপ্ত ও তুরঙ্গমি নৃত্যদল।
গাইছেন বাপ্পা মজুমদার
'খাঁচার ভেতর অচিন পাখি' লালনসংগীত পরিবেশন করছেন শিল্পী বাপ্পা মজুমদার।
আস্থা রাখি আলোয়
ট্রান্সকমের গ্রুপ সিইও সিমিন রহমান বলেন, প্রয়াত লতিফুর রহমানের প্রবল আবেগ ছিল প্রথম আলো নিয়ে। ২৩ বছর পেরিয়ে প্রথম আলো এখন দেশের শীর্ষ গণমাধ্যম। প্রথম আলো জনগণের কণ্ঠ হয়েই থাকবে। সব অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাবে প্রথম আলো। আস্থা রাখি আলোয়।
বক্তব্য দিচ্ছেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান
সাংবাদিকতায় লতিফুর রহমান পুরস্কার ২০২১
লতিফুর রহমান পুরস্কার পেলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। মিডিয়াস্টার লিমিটেডের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের নামে এ বছর থেকে প্রবর্তন করা হয়েছে 'সাংবাদিকতায় লতিফুর রহমান পুরস্কার'। প্রথম আলোর বর্ষসেরা সাংবাদিক এই পুরস্কার পাবেন। এ বছর পুরস্কার পেয়েছেন রোজিনা ইসলাম।
পাঠকই আমাদের শক্তি
২১০টা দেশে প্রথম আলোর এক কোটি ৪০ লাখ পাঠক আছেন। এই বিপুলসংখ্যক পাঠকই প্রথম আলোর শক্তি। অতিথিরা দেখছেন জাতীয় মিডিয়া সার্ভের সর্বশেষ ফল নিয়ে বানানো তথ্যচিত্র ৷ প্রথম আলো এখন শুধু কাগজে সীমাবদ্ধ নেই, প্রথম আলো বিশ্বের বৃহত্তম বাংলা গণমাধ্যম।
এগিয়ে যাক বাংলাদেশের তরুণেরা
লৌহমানব মোহাম্মদ শামসুজ্জামান আরাফাতকে নিয়ে বানানো প্রামাণ্যচিত্র উপভোগ করছেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত আরাফাতকে হাততালি দিয়ে স্বাগত জানানো হয়৷ সম্পাদক মতিউর রহমান বলেন, আপনি এগিয়ে যান, এগিয়ে যাক বাংলাদেশের তরুণেরা, এগিয়ে যাক বাংলাদেশ।
বাধা আসে, পেরিয়ে যেতে হয়
স্বাগত বক্তব্য দিতে মঞ্চে এসেছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, করোনার কারণে গত প্রায় দুটো বছর সারা পৃথিবীতে আমরা একটা কঠিন সময় পার করেছি। সেই দুঃসময় আমরা পার হয়ে যাচ্ছি। দিগন্তে আলোর রেখা দেখা যাচ্ছে। জীবন এ রকমই। বাধা আসে। পেরিয়ে যেতে হয়।
যন্ত্রসংগীতে স্বাগত
আগত অতিথিদের স্বাগত জানাতে পরিবেশন করা হচ্ছে যন্ত্রসংগীত। 'হেমন্ত' শীর্ষক এই যন্ত্রসংগীত পরিবেশন করছেন ইমন চৌধুরী।
চলছে মুক্ত আড্ডা
প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মিলনীতে উপস্থিত হয়েছেন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, ক্রীড়াবিদ, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনেরা৷ প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান শুরু হবে রাত আটটায়। এখন চলছে কুশল বিনিময় ও মুক্ত আড্ডা।