প্রেক্ষাগৃহে পুলিশ পাহারায় অশ্লীল নৃত্য?
গাজীপুরের কালিয়াকৈর বাজারের সাগর প্রেক্ষাগৃহে পুলিশ পাহারায় গত শুক্রবার থেকে বিচিত্রা অনুষ্ঠানের নামে চলছে অশ্লীল নৃত্য। এ উপলক্ষে কয়েক দিন ধরে মাইকযোগে প্রচারণা চালানো হচ্ছে। বিভিন্ন এলাকায় সাঁটানো হয়েছে কুরুচিপূর্ণ পোস্টার।
এলাকার অনেকে জানান, প্রায় দেড় মাস আগে সাগর প্রেক্ষাগৃহে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আসনসহ বেশ কিছু মালামাল পুড়ে যায়। পরে আসনগুলো মেরামত করা হয়। এরপর ১৫-১৬ দিন ধরে বিচিত্রা অনুষ্ঠানের প্রচার চালানো হয়। অর্ধনগ্ন ছবি দিয়ে বড় আকৃতির রঙিন পোস্টার ছেপে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানো হয়।
শুক্রবার শুরু হয় কথিত বিচিত্রা অনুষ্ঠান। সকালে দর্শক কম থাকায় টিকিটের মূল্য নেওয়া হয় সামনের সারিতে ১৫০ ও পেছনের সারিতে ১০০ টাকা। সকাল ও দুপুরের শো দেখার পর অশ্লীল নৃত্যের খবর ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে চারটার দিকে প্রচুর দর্শক ভিড় করেন। তখন টিকিটের মূল্য নেওয়া হয় ৩০০ টাকা।
সরেজমিনে দেখা যায়, হলের সামনে পুলিশের বেশ কয়েকজন সদস্য দায়িত্ব পালন করছেন। সাড়ে চারটার দিকে ৩০০ টাকার টিকিট কিনে ওই প্রেক্ষাগৃহে প্রবেশ করে দেখা যায়, কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলামসহ পুলিশের বেশ কয়েকজন সদস্য ভেতরে হাঁটাহাঁটি করছেন। শুরুতেই মঞ্চের সামনে থেকে মুঠোফোনে বা ক্যামেরায় ছবি না তুলতে বলা হয়।
এরপর শুরু হয় অর্ধনগ্ন নৃত্য। দর্শকেরা হই-হুল্লোড় করতে থাকেন। ঘোষক একের পর এক নাম ঘোষণা করেন। আর কথিত নৃত্যশিল্পী এসে অশালীন গানের সঙ্গে নাচতে থাকেন।
প্রেক্ষাগৃহের একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, হলটি আগে অন্য লোকের কাছে ভাড়া দেওয়া ছিল। আগুন লাগার পর এটি পুনরায় চালু করা হয়। এ পর্যায়ে মালিক মাসুদ মিয়ার ছেলে সাগর আহামেঞ্চদ ও জুলহাস নামের এক ব্যক্তি বিচিত্রা অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্যের আয়োজন করেন। এ জন্য কালিয়াকৈর থানা, পুলিশ সুপারের (এসপি) কার্যালয়, জেলা প্রশাসনসহ বিভিন্ন জায়গায় মালিক নিজেই টাকাপয়সা দেন।
জানতে চাইলে এএসআই নজরুল ইসলাম বলেন, ‘ছি ছি, এইগুলা কি দেখা যায়? আমি গোলমাল শুনে ভেতরে গিয়েছিলাম। খারাপ নাচ দেখে পরে বের হয়ে আসি।’
এ ব্যাপারে সাগর আহামেঞ্চদ মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ‘এটা কোনো খারাপ অনুষ্ঠান নয়। দর্শকদের আনন্দ দিতেই এমন আয়োজন করা হয়েছে। এ ছাড়া অনুষ্ঠানটির জন্য গাজীপুরের পুলিশ সুপারসহ প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। আপনিও আসেন, ভিআইপি গ্যালারিতে বসে অনুষ্ঠান দেখার ব্যবস্থা করে দেব।’
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘চ্যারিটি শো করার জন্য তাঁরা অনুমতি নিয়েছেন। সেখানে অশালীন কিছু হওয়ার কথা নয়। এর পরও খোঁজ নিয়ে দেখব।’