প্রেক্ষাগৃহে সিনেমা বন্ধ করে মাদকসেবন ও অশ্লীল নৃত্য
সিনেমা প্রদর্শন বন্ধ রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলার দুটি প্রেক্ষাগৃহে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছে। চার দিন ধরে প্রতিটি প্রেক্ষাগৃহে দিনে চারটি করে অশ্লীল নাচের আসর চলছে। পুলিশকে টাকা দিয়ে স্থানীয় কিছু রাজনীতিক ও প্রভাবশালী ব্যক্তি এসব চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গাইবান্ধা শহরের বাংলাবাজার এলাকার ব্যবসায়ী তামজিদুর রহমান ও মিলন মিয়া জানান, সোমবার রাতে বিচিত্রানুষ্ঠান দেখতে গিয়েছিলেন তাঁরা। অনুষ্ঠান শুরু হওয়ার আগে মঞ্চের আশপাশে ঘোরাফেরা করার সময় নৃত্যশিল্পীদের ফেনসিডিল, গাঁজা খাওয়ার দৃশ্য চোখে পড়ে। মঙ্গলবার প্রেক্ষাগৃহগুলো ঘুরে দেখা গেছে, উঠতি বয়সের যুবকদের উপচে পড়া ভিড়। উপজেলার বোনারপাড়ায় অবস্থিত রাজমতি প্রেক্ষাগৃহের বিভিন্ন স্থানে সিনেমার পোস্টার লাগানো রয়েছে। কিন্তু ভেতরে ঢাকা থেকে আসা ‘দুলালের দল’ নামে একটি সংগঠন পরিবেশন করছে অশ্লীল নৃত্য। স্থানীয় প্রভাবশালী রুহুল আমিন ও সাঘাটা উপজেলা যুব সংহতির সভাপতি জাহিদ মাহবুব এসব চালাচ্ছেন। উপজেলার জুমারবাড়ি গ্রামের স্কুলশিক্ষক রাশেদুল ইসলাম বলেন, চলচ্চিত্রের শিল্পীদের কথা বলে দিনভর গ্রামাঞ্চলে মাইকিং ও রংবেরঙের পোস্টারিং করে দর্শক টানা হচ্ছে। দুপুর একটা থেকে রাত ১২টা পর্যন্ত এ নৃত্য চালানো হয়। ফলে স্কুল-কলেজের ছেলেরা বিপথগামী হচ্ছে। স্থানীয় প্রশাসনের সামনে ঘটলেও এসব দেখার কেউ নেই। তবে জাহিদ মাহবুব বলেন, অশ্লীল নৃত্য চালানোর অভিযোগ সঠিক নয়। বিনোদনের জন্য বিচিত্রানুষ্ঠান চালানো হচ্ছে।এ ছাড়া উপজেলার ভরতখালি ইউনিয়নের উল্লাবাজারে অবস্থিত উত্তরা প্রেক্ষাগৃহে স্থানীয় প্রভাবশালী ফরিদ মিয়া, সেলিম ও সেলু বিচিত্রার নামে অশ্লীল নৃত্য চালাচ্ছেন। এ ছাড়া কয়েক দিন আগে সাঘাটা বাজারে অবস্থিত নাজমা প্রেক্ষাগৃহে বিচিত্রার নামে অশ্লীল নৃত্য চালানো হয়। বোনারপাড়া গ্রামের সংস্কৃতিকর্মী নজরুল ইসলাম বলেন, ‘প্রতিজনের প্রবেশমূল্য ১০০ থেকে ১৫০ টাকা নেওয়া হচ্ছে। প্রেক্ষাগৃহপ্রতি তিন হাজার টাকা পুলিশকে উৎকোচ দিয়ে এসব চালানো হচ্ছে বলে শুনেছি। একইভাবে রাজনৈতিক নেতা-কর্মীদেরও ম্যানেজ করা হয়েছে।’তবে ফরিদ মিয়া অশ্লীল নৃত্য প্রদর্শনের অভিযোগ অস্বীকার করেন। গাইবান্ধার ভারপ্রাপ্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম বলেন, অশ্লীল নৃত্য বন্ধের জন্য সাঘাটা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব উৎকোচ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, অশ্লীল নৃত্য বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।