প্রেম, অনশন, অতঃপর বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার চর বাঙ্গালী গ্রামের চায়না খাতুনের (১৮) প্রেমের জয় হলো। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন অনশনের পর গত সোমবার রাতে স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় প্রেমিক-প্রেমিকার বিয়ে সম্পন্ন হয়। স্থানীয় সূত্র জানায়, পৌরসভার চর বাঙ্গালী গ্রামের ছয়েম উদ্দিনের বাড়িতে প্রতিবেশী মৃত ইউসুফ আলীর মেয়ে চায়না খাতুন বিয়ের দাবিতে গত শনিবার রাত থেকে অনশন শুরু করে। সোমবার রাতে কাউন্সিলর আবদুল মালেক বিয়ের আশ্বাস দিয়ে চায়নাকে পানীয় পান করিয়ে অনশন ভঙ্গ করান। পরে রাতেই ছয়েম উদ্দিনের ছেলে প্রেমিক জহুরুল ইসলামের (২২) সঙ্গে চায়নার বিয়ে হয়।চায়নার মা রেজিয়া বেগম বলেন, ‘এ বিয়ের মধ্য দিয়ে আমার মেয়ের প্রেম সার্থক হলো।’ প্রেমিকের বাবা ছয়েম উদ্দিন বলেন, ‘এ বিয়ে আমি মেনে নিয়েছি।’কাউন্সিলর আবদুল মালেক বলেন, ‘অনশনের খবর পেয়ে ছেলের বাড়িতে যাই। দুই পরিবারের সঙ্গে আলাপ-আলোচনা করে এলাকাবাসীর সিদ্ধান্তক্রমে বিয়ের কাজ সম্পন্ন করি।’ নিকাহ রেজিস্ট্রার (কাজি) মাওলানা আবদুল আজিজ বিন শরীফ জানান, এক লাখ ৭৫ হাজার টাকা দেনমহরে জহুরুল ইসলাম ও চায়না খাতুনের বিয়ে রেজিস্ট্রি করা হয়েছে।গত ৬ জুন প্রথম আলোর বিশাল বাংলায় ‘বিয়ের দাবিতে অনশন’ শিরোনামে চায়না খাতুনের অনশন নিয়ে একটি খবর প্রকাশিত হয়।