প্রেম অনশন নির্যাতন অতঃপর বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রী সাহিদা আক্তার লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বেলতলি গ্রামের আবদুস সাত্তারের মেয়ে। একই গ্রামের আনোয়ারুল হকের ছেলে রাশেদুল ইসলামের সঙ্গে সাহিদার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু এ দুজনের বিয়েতে আপত্তি জানায় রাশেদুলের পরিবার।
সাহিদা বিয়ের দাবিতে গত রোববার সন্ধ্যায় রাশেদুলের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। এরপর রাশেদুলের পরিবারের সদস্যরা তাঁকে বেধড়ক মারধর করে আহত করেন। ওই দিন পুলিশ গিয়ে সাহিদাকে উদ্ধার করে রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং তাঁর মৌখিক অভিযোগের ভিত্তিতে রাশেদুলের বাবা ও মাকে আটক করে। এ পর্যায়ে উভয় পরিবার রাশেদুল ও সাহিদার বিয়ে দেওয়ার ব্যাপারে সম্মত হয়। এরপর পুলিশ রাশেদুলের বাবা-মাকে ছেড়ে দেয়। পরদিন গত সোমবার তাঁদের বিয়ে হয়।
গতকাল রাতে এই জুটির বিয়ে পড়ান ভেলাবাড়ি ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার এনতাজুল হক। বিয়েতে উভয় পরিবারের আত্মীয়স্বজন, ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী, আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) জাফর ইকবাল ও এসআই মিন্টু চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, উভয় পরিবারের সম্মতিতে রাশেদুল ও সাহিদার বিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সাহিদা তাঁর স্বামীর বাড়িতে অবস্থান করছেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাশেদুলকে আটক করার কৌশল হিসেবে তাঁর বাবা-মাকে থানায় নিয়ে আসা হয়েছিল। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।