প্রেম ও পূর্বশত্রুতাকে দায়ী করছে পুলিশ, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুন হওয়া ছেলে কাউসারের লাশ নিতে এসে কাঁদছেন মা তোহেরা বেগম। পাশে কাউসারের ছোট ভাই। গত সোমবার রাতে খুন হন কাউসার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
খুন হওয়া ছেলে কাউসারের লাশ নিতে এসে কাঁদছেন মা তোহেরা বেগম। পাশে কাউসারের ছোট ভাই। গত সোমবার রাতে খুন হন কাউসার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রাম নগরে গত সোমবার সন্ধ্যার পর পৃথক দুটি ঘটনায় মাত্র দুই ঘণ্টার মধ্যে এক কিশোর ও দুই তরুণ খুনের পেছনে প্রেম এবং পূর্বশত্রুতা—এ দুটি কারণকে দায়ী করেছে পুলিশ। এর মধ্যে হামজারবাগে প্রেমের সম্পর্ককে ঘিরে খুন হয় এক কিশোর ও তরুণ। অন্যদিকে পূর্বশত্রুতার কারণে পোস্তারপাড় এলাকায় পোশাককর্মী খুনের ঘটনা ঘটে। তিন খুনের ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত পৃথক দুটি মামলা হয়েছে। এর মধ্যে হামজারবাগের দুই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।
হামজারবাগ এলাকায় ছুরিকাঘাতে খুন করা হয় কিশোর মোহাম্মদ ইয়াসিন (১৬) ও কাউসার মিয়াকে (১৮)। দুজনে হামজারবাগের শান্তিনগর এ-১ প্রপার্টিজ এলাকার বাসিন্দা ছিলেন। দুজনেরই গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ইয়াসিনের বাবা জাহের মিয়া সোমবার রাতেই পাঁচলাইশ থানায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। চার আসামি হলেন সজীব (২০), ফারুক (১৯), সাগর (১৮) ও মহররম (১৮)। এই এলাকার চারজন খাদ্যপণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের কর্মচারী। হত্যাকাণ্ডের পরই তাঁদের সবাইকে সোমবার রাতেই এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘থাইফুড নামের একটি প্রতিষ্ঠানের এক নারী কর্মচারীর সঙ্গে সজীবের প্রেমের সম্পর্ক রয়েছে। তাঁরা দুজন একই প্রতিষ্ঠানের কর্মচারী। কিন্তু করিম নামের স্থানীয় এক যুবক বিষয়টি জানতে পেরে প্রেমে বাধা দেন এবং সজীবের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করে। সজীব চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার বিকেলে তাঁকে চড়থাপ্পড় মারেন করিম। এ কারণে সজীব দলবল নিয়ে রাতে করিমের লোকজনের ওপর চড়াও হয়। যে দুজন মারা গেছে তারা করিমের পক্ষে ছিল। ঘটনার পর করিম গা-ঢাকা দিয়েছেন। তাঁকেও ধরা হবে।’
নাম না প্রকাশের শর্তে হামজারবাগ এলাকার দুই তরুণ গতকাল প্রথম আলোকে বলেন, সোমবার ইফতারের পর সজীব ১৫-২০ জন উঠতি বয়সের তরুণকে নিয়ে এলাকায় ঘোরাঘুরি করেন। করিমও ২০-২৫ জনকে নিয়ে হামজারবাগ এলাকায় মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সজীব ও তাঁর সহযোগীদের ছুরিকাঘাতে মোহাম্মদ ইয়াসিন (১৬) ও কাউসার মিয়া (১৮) মারা যান।
ইয়াসিনের বাবা জাহের মিয়া গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে ইফতার শেষে সাতটা থেকে সোয়া সাতটার মধ্যে বাসা থেকে বের হয়ে যায়। রাত সোয়া আটটায় খবর পাই, সে হাসপাতালে। আমি আমিন জুটমিলে বদলির শ্রমিকের কাজ করি। আমার ছেলে এলাকায় একটি ওয়াশিং কারখানায় চাকরি করত। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সে ডিউটি করত। রোজার কারণে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ডিউটি ছিল।’
জাহের মিয়া আরও বলেন, ‘চট্টগ্রাম মেডিকেলে ছেলেকে না পেয়ে আবার ফিরে যাই হামজারবাগে। পরে রাত নয়টার দিকে আমিন জুটমিলের কাছে আমার ছেলের রক্তাক্ত লাশ দেখতে পাই। আমার তিন মেয়ে এক ছেলে। এই ছেলের আয় দিয়ে সংসার চলত।
হত্যাকাণ্ডের কারণ জানতে চাইলে জাহের মিয়া বলেন, ‘দিনে ১২ ঘণ্টা কাজ করে ক্লান্ত থাকত ইয়াসিন। বাইরের লোকজনের সঙ্গে বিবাদে জড়ানোর সময় কোথায় তার? কেন এই হত্যাকাণ্ড বুঝতে পারছি না।’
নিহত কাউসারের মা তোহেরা বেগম গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, তিন ছেলে নিয়ে তিনি হামজারবাগে থাকেন। কাউসার বড়। ভ্যান চালিয়ে সংসার চালাতেন তিনি। মাসে ছয় হাজার টাকা পেতেন। তিনি নিজে ঝিয়ের কাজ করে আরও দুই-আড়াই হাজার টাকা পান। মেজো ছেলেও তিন হাজার টাকা আয় করে। তিনজনের আয় দিয়ে সংসার চলছিল। বড় ছেলের মৃত্যুতে একটি সংসার কীভাবে চলবে তিনি বুঝতে পারছেন না।
ছেলের মৃত্যুর জন্য দায়ী কে জানতে চাইলে তোহেরা বলেন, ‘আমি তো কাউরে চিনি না। যারাই খুন করুক, আমি বিচার চাই।’
হামজারবাগের বাসিন্দা আবু মুছা বলেন, নিহত দুজনই নিরীহ পরিবারের সন্তান। কাউসারের বাবা তাঁদের ফেলে চলে গেছেন। কাউসার ও ইয়াসিনের আয় দিয়ে দুটি সংসার চলছিল।
এদিকে সোমবার সন্ধ্যায় পোস্তারপাড় এলাকায় পোশাককর্মী মো. সাগর খুনের ঘটনায় রাতেই তিনজনের নামে মামলা করেন নিহত ব্যক্তির বাবা মোহাম্মদ বাবুল। তবে আসামিদের কাউকে আটক করা যায়নি।
খুনের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, কারখানার ভেতরে শ্রমিকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ফ্যানের বাতাস গায়ে লাগা না-লাগা নিয়ে এই বিতণ্ডা শুরু হয়। ছুটির পর এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছুরিকাঘাতে খুন হন সাগর। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।